Article By – সুনন্দা সেন

সম্প্রতি দেশের অসামরিক বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জনপ্রিয় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ার ইন্ডিয়ার উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই পদক্ষেপের অংশ হিসেবে DGCA মোটা অংকের জরিমানা আরোপ করেছে এই বেসরকারি বিমান কোম্পানিটির উপর। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারের সময় জানানো হয়েছে যে, অযোগ্য ক্রু মেম্বারদের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করার অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
DGCA-এর তরফে উল্লেখ করা হয়েছে যে, টাটা গ্রুপের বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়া একজন ‘নন-ট্রেনার’ লাইন ক্যাপ্টেন এবং একজন ‘নন লাইন রিলিজড’ ফার্স্ট অফিসারের মাধ্যমে একটি বিমানের উড়ান পরিচালনা করেছিল। যা যাত্রীদের সুরক্ষার বিষয়টি ঝুঁকির মুখোমুখি এনে দাঁড় করায়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই কঠিন শাস্তি হিসেবে ৯৮ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে একাধিক নিয়ন্ত্রক সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমান সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে DGCA।
এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশনস এবং ডিরেক্টর ট্রেনিংয়ের উপরেও এই একই বিষয়ের পরিপ্রেক্ষিতে ৬ লক্ষ ও ৩ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। অবশ্য এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২৪ সালের ২২ জুলাই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কম্যান্ডার এবং অ্যাপ্রুভড পোস্ট হোল্ডারদের বিরুদ্ধে শো কজ নোটিস জারি করা হয়েছিল। তারপরে নোটিসের প্রতিক্রিয়া হিসাবে প্রদান করা উত্তরগুলি সন্তোষজনক না হওয়ার কারণে জরিমানা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে এই অসামরিক বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থাটি।





