Article By – সুনন্দা সেন

ভারতের বিমানবন্দর ব্যবসায় এবার বড়সড় বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। AAHL (Adani Airports Holdings Limited) –এর ফান্ডরেইজিং প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্রের খবর, এই নতুন বিনিয়োগের মাধ্যমে সংস্থাটি ২০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যায়ন পেতে চাইছে। বিশ্বের অন্যতম বড় সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ব্ল্যাকরকও (BlackRock) এই বিনিয়োগে অংশ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর শুধু ব্ল্যাকরক নয়, সিঙ্গাপুরের টেমাসেক (Temasek) এবং মার্কিন বিনিয়োগ সংস্থা আলফা ওয়েভ গ্লোবাল (Alpha Wave Global)-ও এই ফান্ডরেইজিংয়ে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
সূত্রের দাবি, তিনটি সংস্থার সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। এছাড়া চলতি মাসেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা যাচ্ছে। তবে সংস্থাগুলির পক্ষ থেকে এখনও কোনও চূড়ান্ত নিশ্চিতকরণ দেওয়া হয়নি। আদানি এয়ারপোর্ট বর্তমানে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমানবন্দর অপারেটর। সংস্থাটি মুম্বই, আহমেদাবাদ, লখনউ, মঙ্গলুরু, জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমের পাশাপাশি নাভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Navi Mumbai International Airport) পরিচালনা করছে। আর ২০২৫-২৬ অর্থবছরে AAHL-এর অপারেশন থেকে আয় প্রায় ৩৪% বেড়ে ১০,৩৮৭ কোটি টাকা হয়েছে এবং EBITDA প্রায় ৫০% বেড়ে ৬,৪৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এই ফান্ডরেইজিংয়ের গুরুত্ব আরও বাড়ছে কারণ ভারতীয় বিমান পরিবহণ খাত দ্রুত সম্প্রসারণের পথে। আদানি এয়ারপোর্টস আগামী কয়েক বছরে বিমানবন্দরগুলির ক্যাপাসিটি এক্সপ্যানশন, আধুনিকীকরণ, প্রযুক্তি এবং প্যাসেঞ্জার সার্ভিসে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। সংস্থার লক্ষ্য, দীর্ঘমেয়াদে তাদের বিমানবন্দরগুলির মোট যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো। আবার ব্ল্যাকরকের আগ্রহও গুরুত্বপূর্ণ। কারণ তারা ২০২৪ সালে GIP (Global Infrastructure Partners) অধিগ্রহণ করে, যার ফলে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও পরিকাঠামো সম্পদে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
আদানি এয়ারপোর্ট (Adani Airports)-এ বড় আন্তর্জাতিক বিনিয়োগ এলে বিমানবন্দরগুলির সম্প্রসারণ, নতুন পরিষেবা, প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিকাঠামো তৈরিতে আরও অর্থ আসতে পারে। একই সঙ্গে ভারতের দ্রুত বাড়তে থাকা বিমানযাত্রার বাজারে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থারও একটি বড় সংকেত হবে এটি। তবে মনে রাখতে হবে, ব্ল্যাকরক বা অন্য কোনও বিনিয়োগকারীর অংশগ্রহণ এখনও চূড়ান্ত হয়নি এবং ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যায়ন (valuation)-টিও প্রস্তাবিত মূল্যায়ন।




