Article By – সুনন্দা সেন

ভারতীয় ইন্স্যুরেন্স ব্রোকারদের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, এই মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার মারাত্মক দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলির বীমা প্রিমিয়াম ৩০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এটি শোনা যাচ্ছে সাম্প্রতিক এয়ার দুর্ঘটনার পর। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও ক্রু এবং ক্র্যাশ হওয়া ল্যান্ডের আরও কয়েক জন নিহত হওয়ার ফলে প্রায় ৪৭৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বীমা ব্রোকার পলিসিবাজারের পরিচালক সাজ্জা প্রবীণ চৌধুরী আশা করছেন যে পরবর্তী পুনর্নবীকরণ চক্রে হাল, যুদ্ধ সংক্রান্ত ঝুঁকি এবং দায়বদ্ধতার জন্য প্রিমিয়াম ১০% থেকে ৩০% বৃদ্ধি পাবে। এছাড়া জে.বি. বোদা গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোহিত বোদা ১০% থেকে ২৫% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। এয়ার ইন্ডিয়া সম্প্রতি টাটা AIG- এর নেতৃত্বে এবং সরকারি খাতের বীমা কোম্পানি ও ICICI লম্বার্ডের সহায়তায় তাদের বিমানবহরের জন্য ২০ বিলিয়ন ডলারের বীমা কভার নিশ্চিত করেছে। যা মূলত লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক পুনর্বীমা কোম্পানিগুলির কাছে সিন্ডিকেট করা হয়েছে।
শিল্প কর্মকর্তারা জানিয়েছেন যে দুর্ঘটনায় জড়িত এয়ার ইন্ডিয়ার বিমানটি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের বীমাকৃত ছিল। প্রতিবেদন অনুসারে, ইন্স্যুরেন্স ব্রোকাররা জানিয়েছেন যে প্রিমিয়ামের প্রত্যাশিত বৃদ্ধি ভারতের বাইরেও বিস্তৃত হবে, যা বিশ্বব্যাপী ক্যারিয়ারগুলিকে প্রভাবিত করবে। আর অতিরিক্ত ক্ষতি বা দুর্ঘটনা বীমা খরচ রেকর্ড মাত্রায় নিয়ে যেতে পারে। বর্তমানে বীমা জরিপকারীরা দুর্ঘটনাস্থল মূল্যায়ন এবং তথ্য সংগ্রহ শুরু করেছেন যাতে আন্ডাররাইটাররা ঘটনার কারণ বুঝতে পারে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করা হবে, প্রতিটি বিমান সংস্থা ভুক্তভোগীর জন্য প্রায় ১.২৬ কোটি টাকার সমান ক্ষতিপূরণ দেবার কথা বলেছে।




