Article By – সুনন্দা সেন

আজ অন্যতম খবর হল, ভারতের অন্যতম বড় ইন্ডাসস্ট্রিয়াল গ্রুপ ‘বাজাজ গ্রুপ’ প্রবেশ করলো স্বাস্থ্যখাতে (Health Sector)-এ। প্রাথমিকভাবে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে। যার মাধ্যমে তারা গড়ে তুলতে চায় একটি আধুনিক, সমন্বিত স্বাস্থ্য পরিষেবা (Integrated Health Services) নেটওয়ার্ক। কারণ এই নতুন উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র হাসপাতাল তৈরি নয়, বরং একটি সম্পূর্ণ ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম’ তৈরি করা। অর্থাৎ মাল্টি স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি থাকবে ছোট ক্লিনিক, ডে-কেয়ার সার্জারি সেন্টার এবং হোম হেলথকেয়ার পরিষেবা।
বিশেষজ্ঞদের মতে, এই মডেল ভবিষ্যতের স্বাস্থ্য পরিষেবার দিকেই ইঙ্গিত করছে। কারণ বর্তমানে প্রায় ৭০% থেকে ৮০% চিকিৎসা হাসপাতালের বাইরে থেকেই দেওয়া সম্ভব। আর সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে বাজাজ গ্রুপ। এছাড়া এই বড় ঘোষণা বাজারে খুব বড় কোনো তাৎক্ষনিক প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। কারণ স্বাস্থ্যখাত একটি নতুন ব্যবসা, এবং এই ধরনের প্রকল্প থেকে লাভ আসতে সাধারণত সময় লাগে। পাশাপাশি, শুরুতেই বড় অঙ্কের বিনিয়োগ হওয়ায় কিছুটা আর্থিক চাপও তৈরি হতে পারে।তবে মধ্যমেয়াদে, অর্থাৎ আগামী ১ থেকে ৩ বছরের মধ্যে এই পদক্ষেপ ধীরে ধীরে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করতে পারে।
বিশেষ করে Bajaj Finserv এবং Bajaj Finance-এর মতো সংস্থাগুলির ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়তে পারে। কারণ, বিমা এবং স্বাস্থ্য পরিষেবাকে একসঙ্গে যুক্ত করলে গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব হবে। এতে করে ক্রস-সেলিং-এর বড় সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দিতে পারে।দীর্ঘমেয়াদে, অর্থাৎ ৫ থেকে ১০ বছরের দৃষ্টিকোণ থেকে দেখলে, এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতীয় স্বাস্থ্যখাত দ্রুত প্রসারিত হচ্ছে, এবং এই খাতে আগাম বিনিয়োগ ভবিষ্যতে বড় রিটার্ন এনে দিতে পারে।




