Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, অর্থাৎ International Energy Agency সম্প্রতি সতর্কবার্তা দিয়েছে—ইউক্রেনের ধারাবাহিক হামলা রাশিয়ার তেল রপ্তানি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। যা ভারতের জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘর্ষে ইউক্রেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এই হামলায় রাশিয়ার বড় বড় তেল রপ্তানি বন্দর—যেমন Novorossiysk Port এবং Primorsk Port—এবং একাধিক রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই উত্তেজনার ও হামলার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের ওপর। কারণ ভারত বর্তমানে রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তা অপরিশোধিত তেল আমদানি করে থাকে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হয়ে উঠেছে। এই তেলই ভারতের বিশাল রিফাইনিং ইন্ডাস্ট্রির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। IEA-এর মতে, যদি এই ধরনের হামলা দীর্ঘস্থায়ী হয়, তাহলে কয়েকটি বড় সমস্যা তৈরি হতে পারে। প্রথমত, রাশিয়া থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয়ত, সমুদ্রপথে তেল পরিবহণে ঝুঁকি ও খরচ বাড়বে। তৃতীয়ত, ভারতীয় রিফাইনারিগুলিকে বিকল্প উৎস খুঁজতে হতে পারে, যা সহজ নয় এবং ব্যয়বহুলও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের অনেক রিফাইনারি রাশিয়ার নির্দিষ্ট ধরনের ক্রুড অয়েলের ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদনে সমস্যা দেখা দিতে পারে এবং জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হবে। এদিকে, এই পরিস্থিতির প্রভাব শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারেও তেলের দাম অস্থির হয়ে উঠতে পারে। কারণ, রাশিয়া বিশ্বে অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ এবং তার সরবরাহে কোনও ধাক্কা মানেই বৈশ্বিক বাজারে বড় প্রভাব।




