Article By – সুনন্দা সেন

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা BCCI (Board of Control For Cricket in India) এবার বড়সড় আর্থিক লাভের মুখে দাঁড়িয়েছে। IPL-এর দুই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি RCB (Royal Challengers Bangalore) এবং RR (Rajasthan Royals)-এর মালিকানা বিক্রির ফলে বোর্ডের কোষাগারে ঢুকতে চলেছে বিপুল পরিমাণ অর্থ। সূত্র অনুযায়ী, এই দুই ফ্র্যাঞ্চাইজির মোট বিক্রয়মূল্য ৩১,০০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে গেছে। অবশ্য এই প্রথম বা শেষ নয়, তবে জানা যাচ্ছে যে ভবিষ্যতে IPL-এর জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়লে এই ধরনে আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
IPL-এর নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হলে তার উপর ৫% ট্রান্সফার ফি পায় BCCI। সেই হিসেবেই বোর্ডের আয় দাঁড়াতে পারে আনুমানিক ১,৫০০ থেকে ১,৬০০ কোটি টাকার মধ্যে। যা এক কথায় খুব বেশি না হলেও নেহাত কমও নয়। এছাড়াও এই বিক্রির মাধ্যমে BCCI-এর একটি বড় সুবিধা হল– বোর্ডকে সরাসরি বিনিয়োগ না করেই বিপুল অঙ্কের অর্থের যোগান। অর্থাৎ IPL-এর ব্যবসায়িক মডেল এমনভাবে তৈরি, যেখানে প্রতিটি মালিকানা পরিবর্তনই বোর্ডের জন্য বাড়তি আয়ের বা ইনকামের সুযোগ তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, IPL এখন শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং এটি একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। টেলিভিশন সম্প্রচার অধিকার, ডিজিটাল স্ট্রিমিং, স্পনসরশিপ এবং বিজ্ঞাপন থেকে আসা বিপুল আয়ের ফলে IPL ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য দিন দিন বাড়ছে। RCB-এর বিক্রয়মূল্য প্রায় ১৬,৬০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে বলে জানা যাচ্ছে, অন্যদিকে RR-এর মূল্যও ১৫ হাজার কোটির আশেপাশে ঘোরাফেরা করছে। এই বিপুল মূল্যায়ন প্রমাণ করে যে, IPL ফ্র্যাঞ্চাইজিগুলি এখন বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া সম্পদে পরিণত হয়েছে।




