Article By – সুনন্দা সেন

ভারতের কর্পোরেট জগতে বড় একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ ভারতী গ্রুপ তাদের জীবন বীমা ব্যবসার প্রায় ৮৫% শেয়ার বিক্রি করতে চলেছে বলে জানা গেছে। সম্ভাব্য ক্রেতা হিসেবে সামনে এসেছে ব্রিটিশ আর্থিক পরিষেবা সংস্থা প্রুডেনশিয়াল পাবলিক লিমিটেড কোম্পানি (Prudential Plc)। সূত্রের খবর, এই চুক্তির মোট মূল্য প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ কোটি টাকা মধ্যে হতে পারে। যদি চুক্তিটি সম্পন্ন হয়, তবে এটি ভারতী বিমা সহ ভারতের বীমা সেক্টরের জন্য কার্যত একটি বড় পদক্ষেপ হবে।
বর্তমানে ভারতীয় এই বীমা সংস্থা গত কয়েক বছরে নিজেদের অবস্থান কিছুটা মজবুত করেছে। প্রিমিয়াম থেকে প্রাপ্ত আয় বেড়েছে, ক্ষতি কমেছে এবং আর্থিক স্থিতিশীলতাও উন্নত হয়েছে। সাথে মনে করা হচ্ছে, এই কারণেই কোম্পানির মূল্যায়ন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে প্রুডেনশিয়ালের জন্য এই সম্ভাব্য অধিগ্রহণ অত্যন্ত কৌশলগত। ভারতের বীমা বাজার এখনও তুলনামূলকভাবে কম প্রসারিত, কিন্তু দ্রুত বাড়ছে। মিডিল ক্লাসের সংখ্যা বৃদ্ধি। আর্থিক সচেতনাসহ একাধিক কারণে ভবিষ্যতে ভারতের বীমা খাতের বৃদ্ধির সম্ভাবনা উন্নত।
তবে, এই চুক্তিতে সব শেয়ার প্রুডেনশিয়ালের হাতে যাবে না বলেও জানা গেছে। বর্তমান বিনিয়োগকারী ৩৬০ ওয়ান (360 One) তাদের অংশীদারিত্ব বজায় রাখতে পারে। ফলে কোম্পানির মালিকানা কাঠামো কিছুটা বহুমাত্রিকই থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চুক্তি ভারতের বীমা খাতে বিদেশি বিনিয়োগের আগ্রহ আরও বাড়াবে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বীমা কোম্পানিগুলির মূল্যায়নও বাড়ছে এবং বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলি ভারতের বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে।
এই মুহূর্তে চুক্তিটি আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ডিউ ডিলিজেন্স এবং নিয়ন্ত্রক অনুমোদনের মতো একাধিক ধাপ বাকি রয়েছে। তাই শেষ পর্যন্ত চুক্তির কাঠামো বা মূল্যায়নে পরিবর্তন আসতেও পারে। বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাব্য চুক্তি শুধু একটি কর্পোরেট লেনদেন নয়, এটি ভারতের বীমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দিকনির্দেশও নির্ধারণ করতে পারে।




