Article By – সুনন্দা সেন

দেশের অটো সেক্টরে ইতিবাচক প্রবণতা রয়েছে বজায়। নভেম্বর মাসে খুচরা গাড়ি বিক্রি বা রিটেল অটো সেলস ২.১৪% বেড়েছে, আর এই ধারাই ডিসেম্বরেও বজায় থাকবে বলে জানিয়েছে FADA অর্থাৎ ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। উৎসবের আমেজ কেটে গেলেও বাজারের গতি এখনও অটুট। ডিলারশিপগুলোর ইনভেন্টরি মুভমেন্ট সুদৃঢ়, নতুন মডেল লঞ্চের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে, আর সরকারের একাধিক নীতি-সহায়তা এই বৃদ্ধিকে আরও উজ্জীবিত করছে। আর এই ইতিবাচক প্রবণতার কারণগুলো হলো—
- ছোট গাড়ি ও SUV-এর ওপর কয়েকটি ট্যাক্স ছাড় ও প্রণোদনা বাজারে চাহিদা বাড়িয়েছে।
- দীপাবলি পরবর্তী সময় ও বিয়ের মৌসুমে সাধারণত গাড়ির চাহিদা বাড়ে — এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
- বেশ কয়েকটি কোম্পানি নতুন মডেল লঞ্চ করেছে (EV সহ), যা ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।
- ডিলারদের ইনভেন্টরি টার্নওভার ভালো, অর্থাৎ ডিলারশিপে আসা গাড়ি দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। এতে শিল্পে আস্থা আরও বাড়ছে।
এখানেই শেষ নয়, এদিকে অটো কোম্পানিগুলো ডিসেম্বর ও জানুয়ারিতে আরও কিছু জনপ্রিয় মডেল বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। তাই শিল্প বিশেষজ্ঞরা বলছেন, আগামী ত্রৈমাসিকেও এই চাহিদা স্থিতিশীল থাকতে পারে। পাশাপশি ইলেকট্রিক যানবাহনের (EV) অংশীদারিও বাড়ছে, বিশেষত শহরাঞ্চলে ও প্রথমবার গাড়ি কিনছেন এমন ক্রেতাদের মধ্যে EV-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তেলের দামের অনিশ্চয়তা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের তুলনামূলক কম চাপ থাকায় এক অংশের ক্রেতাদের EV সেগমেন্টের দিকে আরও আকৃষ্ট করছে। সব মিলিয়ে, ২০২৫ সালের শেষভাগে এবং ২০২৬-এর শুরুর আগে ভারতের অটো সেক্টর এক ইতিবাচক গতির পথে রয়েছে।




