Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক এনার্জি মার্কেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘ ২৩ বছর পর আবারও ভেনেজুয়েলার তেল ভারতীয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে বিক্রি করলো মার্কিন এনার্জি জায়ান্ট শেভ্রন। অর্থাৎ মার্কিন সংস্থাটি প্রায় ২০১৩ সালের পর প্রথমবার ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে ভেনেজুয়েলার ক্রড অয়েলের একটি চালান বিক্রি করেছে। শিপিং ডেটা ও সূত্র থেকে জানা যাচ্ছে, এই চালানটি বিশেষভাবে বোসান (Boscan) নামে ভারী ক্রড, যা সাধারণত অ্যাসফাল্ট ও ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয়। সাথে শেভ্রনকে সীমিত আকারে ভেনেজুলায় উৎপাদন ও রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই বিক্রি শুধু একটি সাধারণ বাণিজ্য নয়; বরং দীর্ঘ সময়ের রাজনৈতিক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার পর আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেলের পুনরাগমনের গুরুত্বপূর্ণ সংকেত। এর পাশাপাশি জানা গেছে ভেনেজুয়েলা এখন আরও বড় আকারে তেল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। শেভ্রন ও ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা PDVSA যৌথভাবে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আর দেশটি এখন বড় পরিসরে তেল রপ্তানির জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটি প্রথমবার খুব বড় ক্রড ক্যারিয়ার বা VLCC জাহাজ ব্যবহার করতে চলেছে, যেগুলো একেকবারে প্রায় ২০ লক্ষ ব্যারেল পর্যন্ত তেল বহন করতে পারে। এতে পরিবহন খরচ কমবে, ডেলিভারি দ্রুত হবে এবং জমে থাকা বিপুল স্টক দ্রুত বাজারে পাঠানো সম্ভব হবে।
সূত্র অনুযায়ী,মার্চ মাস থেকে কয়েকটি বড় জাহাজ ভেনেজুয়েলার প্রধান জোসে (Jose) টার্মিনাল থেকে লোডিং শুরু করতে পারে। আন্তর্জাতিক ট্রেডিং কোম্পানিগুলো ইতিমধ্যেই এই জাহাজ চার্টার করেছে। বিশ্ববাজারে এই পদক্ষেপের প্রভাবও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারত আগে ভেনেজুয়েলার অন্যতম বড় ক্রেতা ছিল। এখন দেশটি রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজছে, ফলে ভেনেজুয়েলার তেলের দিকে আবার ঝুঁকছে ভারতীয় রিফাইনারিগুলো। ইতিমধ্যে ভারতের আরও কয়েকটি রিফাইনারিও ভেনেজুয়েলার ক্রুড কেনা শুরু করেছে বলে জানা গেছে, যা ভবিষ্যতে সরবরাহ আরও বাড়ার ইঙ্গিত দেয়।




