Article By – সুনন্দা সেন

১ সেপ্টেম্বর থেকে দেশের জ্বালানি বাজারে বড় পরিবর্তন। এভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF-এর দাম এক ধাক্কায় ৫.৪৬% বাড়ানো হয়েছে। একই সঙ্গে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম বেড়েছে ৯.৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট জ্বালানির বেঞ্চমার্ক দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সংশোধন করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশীয় বিমান সংস্থাগুলির জন্য ATF–এর দাম প্রতি লিটারে ৬.২৮ টাকা থেকে বেড়ে ১২১.২৮ টাকা হয়েছে। এর আগে ১ আগস্টেও ATF-এর দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ পরপর দু’মাসে বিমানের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমান সংস্থাগুলির অপারেটিং খরচের উপর। কারণ, একটি এয়ারলাইনের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০% পর্যন্ত ATF-এর পিছনে কারণে হতে পারে। জ্বালানি খরচ বাড়লে বিমান সংস্থাগুলির মুনাফার উপর চাপ তৈরি হতে পারে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে বিমান ভাড়ার উপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাণিজ্যিক LPG-এর ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম ২,৭৩৮ টাকা থেকে বেড়ে ২,৭৪৭.৫০ টাকা হয়েছে। পাশাপাশি ৫ কেজির মার্কেট প্রাইসড LPG বা FTL সিলিন্ডারের দামও ২ টাকা বেড়ে ৭৬৪ টাকা হয়েছে।
হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং অন্যান্য ব্যবসায় LPG ব্যবহারের খরচ বাড়ায় তাদের অপারেশনাল খরচের উপরও চাপ পড়তে পারে। তবে সাধারণ পরিবারের জন্য আপাতত কিছুটা স্বস্তি রয়েছে। ১৪.২ কেজির ঘরোয়া LPG বা ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দিল্লিতে এর দাম ৯৪২ টাকা এবং কলকাতায় ডোমেস্টিক সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। সাথে পেট্রোল ও ডিজেলের দামেও ১ সেপ্টেম্বর কোনও পরিবর্তন করা হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বাণিজ্যিক LPG-এর দাম ব্যাপকভাবে বেড়েছিল। পরে জুলাই ও আগস্টে পরপর দু’মাসে বড় ধরনের দাম কমানো হয়েছিল। জুলাইয়ে ১৯ কেজির সিলিন্ডারে ১৮৩.৫০ টাকা এবং আগস্টে ১৯২ টাকা পর্যন্ত দাম কমেছিল। সেপ্টেম্বরের এই সামান্য বৃদ্ধি সেই ধারার পর ফের ঊর্ধ্বমুখী পরিবর্তনকে নির্দেশ করছে। সাধারণত প্রতি মাসের প্রথম দিনে ATF ও LPG-এর দাম সংশোধন করা হয়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক প্রাইস এবং বিদেশি মুদ্রার বিনিময় হারসহ বিভিন্ন বিষয়ের উপর এই দাম নির্ভর করে। রাজ্যভেদে VAT ও অন্যান্য স্থানীয় করের কারণে চূড়ান্ত দামও আলাদা হতে পারে।




