Article By – সুনন্দা সেন

ভারতের আন্তর্জাতিক কর নীতি ও বিদেশি বিনিয়োগ কাঠামো নিয়ে আবারও আলোচনা তীব্র হয়েছে টেক ইনভেস্টমেন্ট জায়ান্ট টাইগার গ্লোবাল (Tiger Global)- এর একটি গুরুত্বপূর্ণ মামলার রায়কে ঘিরে। যদিও সরকার GAAR বা General Anti Avoidance Rules-এর ক্ষেত্রে কিছুটা স্বস্তি প্রদান করেছে। তবুও বিদেশী বিনিয়োগকারীরা এখনও আরও স্পষ্ট নির্দেশনার দাবির কথা জানাচ্ছেন। এই মামলাটি মূলত ছিল টাইগার গ্লোবালের মরিশাস ভিত্তিক সংস্থার মাধ্যমে ফ্লিপকার্ট (Flipkart)-এ তাদের শেয়ার বিক্রির উপর কর সংক্রান্ত বিতর্ক বিষয়ক।
ভারতের কর কর্তৃপক্ষের দাবি ছিল, এই অফশোর কাঠামো ব্যবহার করা হয়েছে কর এড়ানোর উদ্দেশ্যে। এদিকে সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর ব্যাখায় জানানো হয়, শুধুমাত্র কাগজে কলমে বিদেশী কোম্পানি থাকা যথেষ্ট নয়। যদি কোনও কাঠামোর প্রকৃত অর্থনৈতিক উপস্থিতি বা ইকোনমিক সাবস্ট্যান্স্ না থাকে তাহলে কর চুক্তির সুবিধা বাতিল করা যেতে পারে। আর এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বিনিয়োগ জগতে বড় বার্তা যায়, সেক্ষেত্রে ফর্ম নয় সাবস্ট্যান্স গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, সরকার জানিয়েছে যে GAAR নিয়ম ২০১৭ সালের এপ্রিলের আগে করা বিনিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে না। অর্থাৎ, পুরনো বিনিয়োগকারীদের কিছুটা সুরক্ষা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি আসে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ হলো—GAAR ছাড় থাকা সত্ত্বেও কর নীতির ব্যাখ্যায় এখনও অস্পষ্টতা রয়ে গেছে। আদালতের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, কর চুক্তির সুবিধা (treaty benefit) সবসময় নিশ্চিত নয়, এমনকি বৈধ TRC বা Tax Residency Certificate থাকলেও।
এর ফলে বিদেশি ফান্ড ও স্টার্টআপ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, কোন পরিস্থিতিতে GAAR প্রযোজ্য হবে এবং কোন ক্ষেত্রে শুধুমাত্র treaty interpretation দিয়ে কর আরোপ করা হবে—এ বিষয়ে পরিষ্কার সীমারেখা নেই। আরও একটি বড় উদ্বেগ হলো indirect transfer taxation। অর্থাৎ, বিদেশে থাকা কোনও কোম্পানির শেয়ার বিক্রি হলেও তা ভারতের কর কাঠামোর অধীনে পড়তে পারে কিনা, সেই প্রশ্ন এখনও সম্পূর্ণ পরিষ্কার নয়। অর্থনীতিবিদদের মতে, ভারতের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় রাখতে হলে শুধু আইন থাকলেই চলবে না, প্রয়োজন সুস্পষ্ট প্রশাসনিক নির্দেশিকা। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর নীতির পূর্বানুমানযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




