Article By – সুনন্দা সেন

২০২৫-২৬ অর্থবছরে ভারতের ভোজ্য তেল বা এডিবেল অয়েল আমদানি ৩% বেড়ে ১৬৬.৫১ লক্ষ টনে পৌঁছেছে। শিল্প সংগঠন SEA (Solvent Extractors Association of India) জানিয়েছে যে এই বৃদ্ধির বড় কারণ ছিল নেপাল থেকে ডিউটি ফ্রি বা শুল্কমুক্ত আমদানির তীব্র বৃদ্ধি। এছাড়া জানা যাচ্ছে যে SAFTA চুক্তি বা South Asian Free Trade Agreement -এর আওতায় নেপাল ভারতের বাজারে শূন্য শুল্কে এডিবেল অয়েল রপ্তানির সুবিধা পায়।
২০২৫-২৬ অর্থবছরে নেপাল থেকে ভারতে ৭.৩৬ লক্ষ টন ভোজ্য তেল এসেছে, যা আগের বছরের ৩.৪৫ লক্ষ টনের তুলনায় ১১.৩% বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল রিফাইন সোয়াবিন অয়েল। এছাড়া সানফ্লাওয়ার অয়েল, RBD পালমলেইন এবং রেপেসেইড অয়েল আমদানি হয়েছে। SEA-এর মতে, নেপাল থেকে এই শুল্কমুক্ত আমদানি না হলে ভারতের মোট ভোজ্য তেল আমদানি হয়তো আগের বছরের স্তরেও পৌঁছাত না। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় রুপির দুর্বলতার ফলে আমদানি খরচ অনেক বেড়েছে।
বর্তমানে ভারতের মোট ভোজ্য তেলের চাহিদার মাত্র প্রায় ৪০% দেশীয় উৎপাদন থেকে আসে। কম ফলন, খণ্ডিত কৃষিজমি, সীমিত সেচ ব্যবস্থা এবং খাদ্যশস্যে বেশি গুরুত্ব দেওয়ার কারণে তৈলবীজ উৎপাদন দ্রুত বাড়ছে না বলে জানিয়েছে SEA। সংগঠনটি দেশীয় তৈলবীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ বাড়ানোর ওপর জোর দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভোজ্য তেল ব্যবহার কমানোর জন্য প্রধানমন্ত্রী সাম্প্রতিক আহ্বানের কথাও উল্লেখ করেছে। SEA বলছে, উৎপাদন বাড়ানো এবং ব্যবহার নিয়ন্ত্রণ — এই দুই পথেই দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমানো সম্ভব।




