ঢাকা থেকে আসা এবং যাওয়ার সমস্ত ফ্লাইট অবিলম্বে বাতিল করল এয়ার ইন্ডিয়া। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে খবর। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে বিমান সংস্থাটি। ঢাকা থেকে যাতায়াতকারী যাত্রীদের কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই তাদের টিকিট বাতিল বা পুনরায় বুক করার জন্য এককালীন সুবিধা দেওয়া হচ্ছে। আরও তথ্যের জন্য 011-69329333 / 011-69329999 24/7 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছে এয়ার ইন্ডিয়া।
বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রী এবং কর্মচারীদের নিরাপত্তা তাঁদের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিমান সংস্থাটি। শীঘ্রই আরও তথ্য শেয়ার করা হবে। যাত্রা শুরু করার আগে এয়ারলাইনের সাথে যোগাযোগ করার এবং সর্বশেষ আপডেট পেতে পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।
উল্লেখ্য, এর আগে 6 অগাস্ট পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী সব ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। বর্তমানে দুই দেশের মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস। এই ট্রেনগুলি উভয় দেশের সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তপ্ত। 5 অগাস্ট দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, নিজের দেশ ছাড়তে বাধ্য হন তিনি। ঢাকার পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে তারপর। সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে রীতিমত তান্ডব চালায় বিক্ষোভকারীরা। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে সেদেশের সেনাবাহিনী।
Article By – আস্তিক ঘোষ






