Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে আবারও চাপে পড়েছে ভারতীয় রুপি। তবে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ বা FPI (Foreign Portfolio Investment)-এর সীমিত প্রবাহ রুপির বড় ধরনের পতন রুখতে সাহায্য করেছে। আজ (৮জুলাই) ডলারের বিপরীতে রুপির মূল্য সামান্য কমেছে। এর প্রধান কারণ, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আর ভারত আমদানি নির্ভর হওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। যার ফলে ডলারে চাহিদা বেড়ে যাওয়ার রুপির ওপর এটি চাপ সৃষ্টি করেছে।
তবে বাজারের জন্য ইতিবাচক দিক রয়েছে। যেমন- বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিছু পোর্টফোলিও বিনিয়োগ ভারতীয় বাজারে এসেছে। এই বিনিয়োগ ডলারের সরবরাহ বাড়িয়ে রুপির পতনকে অনেকটাই সীমিত রাখতে সাহায্য করেছে। এদিকে বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিন রুপির গতিপথ মূলত তিনটি বিষয়ে নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিদেশী বিনিয়োগকারীদের অর্থপ্রবাহ।
রুপির দুর্বল হওয়া মানে আমদানি আরও ব্যয়বহুল হয়ে ওঠা; বিশেষ করে অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে। যার প্রভাব জ্বালানির দাম (Fuel Price), উৎপাদন খরচ এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতির ওপর পড়তে পারে। অন্যদিকে বিদেশী বিনিয়োগের ধারাবাহিক প্রবাহ বজায় থাকলে রুপির স্থিতিশীলতা বাড়বে এবং ভারতের আর্থিক বাজারে বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে। তাই এখন নজর থাকবে ক্রড অয়েলের দাম এবং আগামী দিনে রুপির গতিপথ কোন দিকে যায়।




