Article By – সুনন্দা সেন

১ জানুয়ারি, ২০২৫-এ কেন্দ্র সরকার দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ভারতের পণ্য ও পরিষেবা কর বা GST এক বছর আগের তুলনায় ডিসেম্বর, ২০২৪-এ ৭.৩% বৃদ্ধি পেয়ে ১.৭৭ লক্ষ কোটি টাকা হয়েছে। তবে মাসিক দিক থেকে ডিসেম্বরে GST কালেকশন নভেম্বর মাসে ভারতের GST কাউন্সিল ও বোর্ড দ্বারা সংগৃহীত ১.৮২ লক্ষ কোটি টাকার তুলনায় ৩% হ্রাস পেয়েছে বলেও জানা যাচ্ছে। সাম্প্রতিক কালের রিপোর্টের সংখ্যাগুলি GST রাজস্বের একটি স্থির বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি ক্রেতাদের চাহিদায় বা ক্রয় কার্যের মন্থর গতী এবং মাসে জারি করা রিফান্ডের বৃদ্ধি মাসিক বৃদ্ধিকে মন্থর করেছে বলেও জানা যাচ্ছে।
বিশেষজ্ঞরা অনুমান করছেন, মার্চ ত্রৈমাসিকে একটি প্রত্যাবর্তনের যেমন প্রত্যাশা রয়েছে। আবার উৎসব পরবর্তী মরসুমের কারণে নিম্ন বৃদ্ধিও লক্ষ্য করা যেতে পারে। বার্ষিক GST রাজস্বের স্থির বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যকলাপের উন্নতিকে তুলে ধরেছে সদ্য শেষ হওয়া ২০২৪ সালে। নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে GST কালেকশন কমে যাওয়া মৌসুমি কারণগুলিকে প্রতিফলিত করতে পারে, যেমন – উৎসব পরবর্তী সময়ের খরচ কম। নভেম্বর, ২০২৪-এ একবছর আগের তুলনায় GST কালেকশন ৮.৫% বৃদ্ধির সাথে ১.৮২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছিল। যা ডিসেম্বরের ১.৭৭ লক্ষ কোটি টাকা থেকে বেশি।
ডিসেম্বর, ২০২৪-এর মোট GST রেভিনিউ বা রাজস্ব যে যে বিভাগে বিভক্ত ছিল, তা উল্লেখ করা হল –
- সেন্ট্রাল GST বা CGST থেকে ৩২,৮৩৬ কোটি টাকা।
- স্টেট বা রাজ্য GST বা SGST থেকে ৪০,৪৯৯ কোটি টাকা।
- ইন্টিগ্রেটেড GST বা IGST থেকে ৪৭,৭৮৩ কোটি টাকা। যার মধ্যে আমদানি থেকে সংগৃহীত ১৮,৩১০ কোটি টাকা রয়েছে।
- সেস (Cess) থেকে ১১,৪৭১ কোটি টাকা। যা মধ্যে আমদানিতে সংগৃহীত ১,২৫৮ কোটি টাকা রয়েছে।
দেশীয় লেনদেন থেকে সংগ্রহ হয়েছে ১.৩২ লক্ষ কোটি টাকা। যার মধ্যে বিক্রি হওয়া পরিষেবা এবং পণ্য সংগ্রহ সহ একাধিক বিভাগ রয়েছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় ডিসেম্বর, ২০২৪-এ দেশীয় লেনদেন থেকে GST রেভিনিউ ৮.৪% বেড়েছে। অন্যদিকে গতবছরের একই মাসের তুলনায় ডিসেম্বরে, ২০২৪-এ জারি করা রি-ফান্ডের পরিমাণ ৩১% বেড়ে ২২,৪৯০ কোটি টাকা হয়েছে।




