ভারতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিমা সেক্টরটি খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ফলস্বরূপ যাঁরা স্বাস্থ্যবিমা নেওয়ার কথা ভাবছেন তাঁদের জন্য অনেকগুলি বিকল্প খোলা রয়েছে। তাছাড়াও বর্তমান ইনফ্লেশনের কারণে বেশিরভাগ চিকিৎসার খরচ আকাশছোঁয়া, সেই কারণে ভবিষ্যতের কথা ভেবে সকলের কাছেই অতি প্রয়োজনীয় একটি বিনিয়োগ হয়ে উঠেছে স্বাস্থ্যবিমা। ভারতে বিভিন্ন রকমের হেলথ ইনসিওরেন্স প্ল্যান রয়েছে, সাধারণ প্ল্যান থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্ল্যান— ফলে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী অনেক বিকল্প রয়েছে।
তবে এটা জানেন কি একাধিক কোম্পানি থেকে স্বাস্থ্যবিমা করা আদৌ সম্ভব কিনা? আজকের সময়ে কোনো ব্যক্তি বা পরিবার আলাদা আলাদা বিমা কভারেজ পেতে চান। কিন্তু একটিমাত্র কোম্পানি থেকে সমস্ত সুবিধা পাওয়া সম্ভব নয়। ফলে সাধারণ মানুষ এই বিষয়ে চিন্তিত থাকেন। অনেকের মনেই প্রশ্ন জাগে যে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি থেকে স্বাস্থ্যবিমা করতে পারা যায় কিনা। উত্তর হল অবশ্যই করা যায়। এমনকি কোনো ব্যক্তি আলাদা আলাদা বিমা কোম্পানি থেকে পলিসি কিনতেই পারেন এবং ক্লেমের সময়ে পছন্দমতো কভারেজ অনুযায়ী যে-কোনো পলিসি বাছা যেতে পারে।
এবার প্রশ্ন আসতেই পারে কেন একাধিক কোম্পানি থেকে স্বাস্থ্যবিমা নির্বাচন করা উচিত? এর অনেকরকম কারণ আছে। প্রধান কারণ হল কোনো ব্যক্তির কাছে অপর একটি কোম্পানির বিমা কভারেজ বেশি আকর্ষণীয় মনে হতে পারে। যেমন, কোনো একটি কোম্পানি নির্দিষ্ট কোনো অসুখের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ অফার করতে পারে, আবার কোনো বিমা কোম্পানি বেশ সস্তা দামে নিজেদের পরিষেবা দিয়ে থাকতে পারে। ফলে এই সব ক্ষেত্রে একজন গ্রাহক আরও উন্নত পরিষেবা, কভারেজ ও সুরক্ষার জন্য একটি কোম্পানির উপর নির্ভর না করে একাধিক কোম্পানি থেকে পলিসি নিতে পারেন।
অন্য আরও একটি কারণ হল কোনো ব্যক্তির বর্তমান যে পলিসি রয়েছে সেটি হয়তো যথেষ্ট sum insured না বা নির্দিষ্ট কোনো অসুস্থতায় যথেষ্ট কভারেজ প্রদান করে না। সেই সময় অতিরিক্ত আরও একটি পলিসির প্রয়োজন হতে পারে।
সুতরাং আলাদা আলাদা কোম্পানির থেকে পলিসি কেনার একাধিক কারণ থাকতে পারে। তাছাড়াও IRDAI অর্থাৎ Insurance Regulatory Development Authority of India, প্রত্যেককে একাধিক পলিসি কেনা এবং আলাদা আলাদা বিমা কোম্পানি থেকে ক্লেম নেওয়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। তবে এখানে একটিমাত্র শর্ত রয়েছে— তা হল, নতুন কোনো পলিসি নিতে হলে বিমাকৃত ব্যক্তিকে তাঁর existing অর্থাৎ বিদ্যমান বিমা পলিসিগুলির কথা নতুন বিমা কোম্পানিকে জানাতে হবে। এছাড়াও একাধিক পলিসি নিলে সম্ভাব্য অসুবিধাগুলি সম্পর্কেও সচেতন থাকতে হবে— যেমন একাধিক পলিসি থাকলে তার প্রমিয়াম দেওয়া, পলিসির রক্ষণাবেক্ষণ ইত্যাদি অসুবিধা সৃষ্টি করতে পারে — এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকা জরুরি। এর জন্য হেলথকেয়ার প্রোভাইডার এবং বিমা পরামর্শদাতাদের থেকে একাধিক পলিসির জন্য পেশাদার উপদেশ নেওয়া যেতে পারে।
কীভাবে আলাদা দুটি বিমা কোম্পানি থেকে দুটি পলিসির ক্লেম করতে পারবেন?
বর্তমানে ভারতে, যে-কোনো ব্যক্তি একইসঙ্গে দুটি ইনসিওরেন্স প্রোভাইডারের থেকে স্বাস্থ্য বিমা কিনতে পারেন। উচ্চ চিকিৎসা খরচের সময় আর্থিক চাপ কমিয়ে সম্পূর্ণ কভারেজ দিতে পারে। তবে যদি আপনি দুটি আলাদা পলিসি থেকে ক্লেম নিতে চান তাহলে বিমা কোম্পানিগুলির নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং পরবর্তীতে কোনোরকম সমস্যা এড়াতে স্বাস্থ্যসম্বন্ধীয় সমস্ত ব্যাপারে কোম্পানিকে প্রথম থেকেই সব জানানো দরকার।
আলাদা বিমা কোম্পানি থেকে দুটি আলাদা পলিসিস নিলে যে বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে সেগুলি হল–
→ সঠিক সময়ে জানানো: প্রথমে দুটি বিমা কোম্পানিকেই হসপিটালাইজেশন ও ক্লেম সম্পর্কে জানাতে হবে। প্রতিটি কোম্পানির ক্লেম রিপোর্ট করার নির্দিষ্ট একটি পদ্ধতি আছে এবং সাধারণত হাসপাতালের রিসিট, ডাক্তারের প্রসস্ক্রিপশন ও আইডিপ্রুফ প্রয়োজন পড়ে।
→ ক্লেমের আবেদন সংগ্রহ করা: পলিসিহোল্ডারকে উভয় কোম্পানি থেকেই ক্লেমের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সঠিক তথ্য প্রদান করে ফর্মগুলি ভরতে হবে। কোনো আবেদনপত্র যদি অসম্পূর্ণ থাকে বা ভুলভাবে পূরণ করা হয়, তাহলে ক্লেম বাতিল হতে পারে।
→ প্রয়োজনীয় নথি জমা করা: ক্লেমের আবেদনের পাশাপাশি পলিসিহোল্ডারকে আরও বেশ কিছু নথি জমা করতে হবে। এই নথিগুলির মধ্যে রয়েছে হাসপাতালের খরচ, বকেয়া কোনো বিল, চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ, ডাইগনস্টিক রেজাল্ট, এবং ডাক্তারের অন্য কোনো প্রেসস্ক্রিপশন। এছাড়াও পলিসিহোল্ডারের নিজের কাছে জমা করা প্রতিটি নথির ফটোকপি রাখতে হবে।
→ বিমা কোম্পানি দুটির মধ্যে কোঅর্ডিনেশন: দুটি কোম্পানিরই ক্লেম সম্পর্কে আলোচনার জন্য আরও কিছু নথির প্রয়োজন হতে পারে। সুতরাং সেই অতিরিক্ত নথিগুলি সময়ে জমা দেওয়ার জন্য কোম্পানি দুটির সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন।
→ ক্লেম সেটেলমেন্ট: পলিসিহোল্ডার সমস্ত নথি জমা দিলে ইনসিওরেন্স কোম্পানি ক্লেম পে আউট করে দেবে। মনে রাখতে হবে আপনি যেমন নথি জমা করবেন এবং আপনার যেমন চাহিদা হবে সেই অনুযায়ী একটি কোম্পানি পলিসি ও sum insured-এর নিরিখে আপনাকে পে করবে। এবং বাকি অর্থ অন্য আরেকটি কোম্পানি পে করবে।
→ রেকর্ড মেনটেন করা: পলিসিহোল্ডাররা হাসপাতালের সমস্ত রেকর্ড, পলিসির কাগজপত্র ইত্যাদি ভবিষ্যতের ব্যবহারের জন্য যত্নে রাখবেন।
দুটি কোম্পানির দুটি পলিসি নিলে স্বাস্থ্যবিষয়ক সুবিধা পাওয়া গেলেও ক্লেম ফাইলিং-এর সময়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সুতরাং অভিজ্ঞ পরামর্শ নিয়ে তারপর একের বেশি স্বাস্থ্যবিমা কেনা উচিত।





