Article By – সুনন্দা সেন

শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (SEA) ১৪ জুলাই (সোমবার) জানিয়েছে, ভারতের ভেজিটেবল অয়েল আমদানি জুন মাসে ১৫.৪৯ লক্ষ টন হয়েছে। যা গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরে স্থির ছিল। যদিও অপরিশোধিত ভোজ্য তেলের চালান ২৫%- এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ৩১ মে থেকে কার্যকর, সরকার অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল এবং অপরিশোধিত সূর্যমুখী তেল সহ অপরিশোধিত ভোজ্য তেলের উপর বেসিক কাস্টমস ডিউটি (বিসিডি) ২০% থেকে কমিয়ে ১০% করার পর অপরিশোধিত তেলের চালান বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জুন মাসে ভোজ্য বা এডিবেল এবং অ-ভোজ্য বা নন – এডিবেল উভয় ধরণের তেল নিয়ে মোট ভেজিটেবল অয়েলের পরিমাণ ছিল ১৫.৫০ লক্ষ টন।
ভোজ্যতেলের বিভাগে অপরিশোধিত সূর্যমুখী তেল ছাড়া অন্যান্য অপরিশোধিত এডিবেল অয়েল আমদানি জুন মাসে ২৫.৬৪% বেড়ে ১১.৫১ লক্ষ টনে দাঁড়িয়েছে, যা এক বছর আগে একই সময় ৯.১৬ লক্ষ টন ছিল। আর জুন মাসে অপরিশোধিত সূর্যমুখী তেলের চালান আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩.৫৮% কমে ২.৬১ লক্ষ টন হয়েছে। SEA-এর তথ্য অনুসারে, জুন মাসে অপরিশোধিত পাম তেল (CPO) আমদানি ২৩.৫৫% বেড়ে ৭.৮৮ লক্ষ টন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৬.৩৭ লক্ষ টন ছিল। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি ৩০.৩৯% বেড়ে ৩.৫৯ লক্ষ টন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩,০০০ টন ছিল। জুন মাসে অপরিশোধিত পাম কার্নেল তেল (CPKO) আমদানি ৩৩.৩৩% বেড়ে ৪,০০০ টন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩,০০০ টন ছিল।
জুন মাসে মোট অপরিশোধিত ভোজ্য তেলের (CPO, CPKO, অপরিশোধিত সূর্যমুখী এবং অপরিশোধিত সয়াবিন তেল) আমদানি ছিল ১১.৫১ লক্ষ টন। পরিশোধিত ভোজ্য তেলের মধ্যে জুন মাসে RBD পামোলিন আমদানি বেড়ে ১.৬৩ লক্ষ টনে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ১.৪৫ লক্ষ টন। জুন মাসে নন – এডিবেল তেলের আমদানি কমে ১৮,৪৯৭ টনে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের জুনে ২৩,১৭৮ টন ছিল। এর সাথে SEA জানিয়েছে যে NAFED, HAFED এবং NCDEX সহ সংস্থাগুলি বর্তমানে প্রায় ১৪ লক্ষ টন সয়াবিন এবং একই পরিমাণে রেপসিড মজুদ করছে। বিশ্বের বৃহত্তম ভোজ্যতেল গ্রাহক এবং আমদানিকারক ভারত, জুলাই মাসের এই পর্যন্ত ১৫.৬৮ লক্ষ টন ভোজ্যতেলের মজুদ আছে দেশের কাছে।




