Article By – সুনন্দা সেন

বিশ্ব অর্থনীতির শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনকোলিটি ল্যাবের সঙ্গে যুক্ত অর্থনীতিবিদদের একটি নতুন রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী, PPP (Purchasing Power Parity) ভিত্তিতে বিশ্ব GDP-তে ভারতের অংশীদারিত্ব ২০৬০ সালের আশেপাশে চীনের অংশকে ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে বিশ্ব GDP-র প্রায় ২০% রয়েছে চীনের দখলে। যেখানে ভারতের অংশ প্রায় ৮%। তবে রিপোর্ট বলছে আগামীতে এই চিত্র বদলাবে।
চীনের জনসংখ্যা দ্রুত কমতে থাকায় তার অর্থনৈতিক অংশীদারিত্বও হ্রাস পাবে। অন্যদিকে ভারতের জনসংখ্যাগত সুবিধা, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান উৎপাদনশীলতার কারণে ভারতের অংশ বাড়তে বাড়তে ২১০০ সালের মধ্যে ১৬%-এ পৌঁছাতে পারে। রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, আগামী কয়েক দশকে বিশ্ব অর্থনীতি আরও মাল্টি-পোলার বা বহুমুখী হয়ে উঠবে। অর্থাৎ একক কোনও দেশ অতীতের মতো বিশ্ব অর্থনীতিকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করবে না। বরং ভারত, চীন এবং অন্যান্য উদীয়মান অর্থনীতি বিশ্ব বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
তবে রিপোর্টে একটি সতর্কবার্তাও রয়েছে। গবেষকদের মতে, ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী হলেও শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো জরুরি। কারণ চীনের তুলনায় ভারতে বৈষম্য বেশি এবং উৎপাদনশীলতার বৃদ্ধিও তুলনামূলকভাবে কম। দীর্ঘমেয়াদে চীনকে পেছনে ফেলতে হলে মানবসম্পদ উন্নয়নই হবে ভারতের সবচেয়ে বড় শক্তি। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তা শুধু ভারত-চীন প্রতিযোগিতার নতুন অধ্যায়ই হবে না, বরং বিশ্ব অর্থনীতির কেন্দ্র আরও বেশি করে এশিয়ার দিকে সরে আসার ইঙ্গিতও দেবে।




