Article By – সুনন্দা সেন

সদ্য শেষ হওয়া অর্থবছরের ২৫ মার্চ,২০২৫ পর্যন্ত ভারত ১৯৮.৬৫ লক্ষ টন চাল রপ্তানি করেছে। যা ২০২৩-২৪ অর্থবছরের ১৬৩.৫৮ লক্ষ টন রপ্তানির চেয়েও বেশি। সম্প্রতি লিখিত এক নোটে খাদ্য ও ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্বানিয়া বলেন, কৃষি পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন, তাদের প্রাপ্যতা এবং আমদানি/রপ্তানি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর সাথে তিনি আরও বলেন, ভোক্তা, দেশীয় কৃষক এবং শিল্পের স্বার্থের কথা মাথায় রেখে, সরকার দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার জন্য যখনই প্রয়োজন হয় তখন প্রয়োজনীয় নীতিগত হস্তক্ষেপ করে। আর গত পাঁচ অর্থবছরের চাল রপ্তানির তথ্য শেয়ার করেন।
তথ্য অনুসারে, ১ এপ্রিল, ২০২৪ থেকে ২৫ মার্চ, ২০২৫ পর্যন্ত ভারত চাল রপ্তানি করেছে ১৯৮.৬৫ লক্ষ টন। গত অর্থবছরের ২৫ মার্চ,২০২৫ পর্যন্ত মোট রপ্তানির মধ্যে বাসমতি চালের চালান ছিল ৫৯.৪৪ লক্ষ টন। সিদ্ধ চালের রপ্তানি ছিল ৯০.৪৪ লক্ষ টন, বাসমতি নয় এমন সাদা চাল ৩৩.২৩ লক্ষ টন, ভাঙা চাল ৭.৯৫ লক্ষ টন এবং অন্যান্য জাতের চাল ৭.৫৯ লক্ষ টন। ২০২৩-২৪ অর্থবছরে দেশটি ১৬৩.৫৮ লক্ষ টন চাল রপ্তানি করেছে এবং এর মধ্যে ৫২.৪৩ লক্ষ টন বাসমতি চাল রপ্তানি হয়েছে। সিদ্ধ চাল ৭৫.৭ লক্ষ টন, নন-বাসমতি চাল ২৩.৬ লক্ষ টন, ভাঙা চাল ৫.৪৯ লক্ষ টন এবং অন্যান্য জাতের চালের ৬.৩৬ লক্ষ টন রপ্তানি হয়েছে।
খাদ্য ও ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ভারতে বছরে প্রায় ৫০-৬০ লক্ষ টন ভাঙা চাল উৎপাদিত হয়। আর এই ভাঙা চাল মূলত হাঁস-মুরগির খাবার, অন্যান্য প্রাণীর খাবার এবং শস্য-ভিত্তিক ডিস্টিলারিগুলিতে ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। যা পেট্রোলের সাথে মিশ্রিত করার জন্য তেল বিপণন সংস্থাগুলিকে (OMC) সরবরাহ করা হয়, তাই এই শিল্পগুলিতে এর ইতিবাচক প্রভাব পড়েছে।




