Article By – সুনন্দা সেন

মার্কিন যুক্তরাষ্ট্র (US)-এর নতুন ১০% সেকশন ৩০১ শুল্ক ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে CITI (Confederation of Indian Textile Industry)। এই শুল্ক ভারতের বিদ্যমান আমদানি শুল্কের ওপর অতিরিক্তভাবে আরোপ করা হয়েছে, যার ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া নির্দিষ্ট শর্তে মার্কিন তুলা ও ফাইবার ব্যবহার করলে নতুন ট্যারিফ রেট কোটার (TRQ) সুবিধা পাবে।
অন্যদিকে ভারত এই সুবিধার বাইরে থাকায় আন্তর্জাতিক ক্রেতারা ভারত থেকেে অর্ডার সরিয়ে উল্লেখিত দেশগুলোর দিকে অগ্রসর বা নির্ভরশীল হতে পারে বলে আশঙ্কা করছে শিল্পমহল। ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। বছরে প্রায় ১১ বিলিয়ন ডলারের পণ্য সেখানে রপ্তানি হয়। ভারতের টেক্সটাইল শিল্প দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান ও রপ্তানি খাত। মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা কমে গেলে রপ্তানি আয়, উৎপাদন এবং কর্মসংস্থানের ওপর চাপ বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, নতুন নীতির ফলে শুধু টেক্সটাইল নয়, গার্মেন্টস, রাসায়নিক, প্লাস্টিক, চামড়াজাত পণ্য, রত্ন-গয়না ও আসবাবসহ ভারতের প্রায় ৭০% মার্কিন রপ্তানি অতিরিক্ত শুল্কের আওতায় পড়তে পারে। তবে অন্যদিকে FIEO(Federation of Indian Export Organisations)-এর মত, সামগ্রিকভাবে ভারতের রপ্তানি প্রতিযোগিতা খুব বেশি ক্ষতিগ্রস্ত নাও হতে পারে, কারণ চীন, ভিয়েতনামসহ অনেক প্রতিদ্বন্দ্বী দেশও সমান বা তার চেয়ে বেশি শুল্কের মুখোমুখি হয়েছে। তবে টেক্সটাইল খাতকে বিশেষভাবে নজরে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি, কারণ TRQ সুবিধার কারণে এই খাতে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হতে পারে।




