Article By – সুনন্দা সেন

পশ্চিম এশিয়ার বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের বাণিজ্যে। বিশেষজ্ঞদের মতে, সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের গালফ অঞ্চলে রপ্তানি বড় ধাক্কার মুখে পড়তে পারে। অনুমান করা হচ্ছে, প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩৩ হাজার কোটি টাকার ভারতীয় রপ্তানি ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতির মূল কারণ হলো গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলিতে নিরাপত্তা উদ্বেগ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি (Strait of Hormuz) এখন নজরের কেন্দ্রে।
ভারতের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গলফের একাধিক দেশ ভারতের বড় বাণিজ্য অংশীদার। এর মধ্যে রয়েছে – UAE, সৌদি আরব, ওমান এবং কাতার। এই দেশগুলিতে ভারত নিয়মিতভাবে খাদ্যশস্য, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, ওষুধ, এবং জেমস ও জুয়েলারির মতো বিভিন্ন পণ্য রপ্তানি করে। কিন্তু সাম্প্রতিক সংঘাতের কারণে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, ফলে অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ খুঁজছে বা পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই কয়েকটি বড় সমস্যা দেখা দিতে শুরু করেছে।
- প্রথমত, সমুদ্রপথে ফ্রেইট চার্জ বা পরিবহন খরচ দ্রুত বাড়ছে।
- দ্বিতীয়ত, যুদ্ধঝুঁকির কারণে বীমা খরচ বেড়ে গেছে।
- তৃতীয়ত, অনেক ক্ষেত্রে পণ্যবাহী কন্টেইনার বন্দরে আটকে পড়ছে বা দেরিতে পৌঁছাচ্ছে।
এর ফলে ভারতের বেশ কয়েকটি রপ্তানি খাত চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে কৃষিপণ্য, চাল, মশলা, ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।




