Article By – সুনন্দা সেন

বিশ্ব অর্থনীতির বর্তমান আকার পৌঁছে গেছে প্রায় ১২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি প্রকাশিত এক বিশাল গ্লোবাল চার্টে উঠে এসেছে কোন দেশ কতটা অর্থনৈতিক শক্তি ধরে রেখেছে এবং আগামী দিনে কোন দেশগুলি বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিতে পারে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা ও চীন, তবে দ্রুত উত্থান ঘটছে ভারতেরও। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হল আমেরিকা। দেশটির মোট GDP ৩০ ট্রিলিয়ন ডলারেরও বেশি। প্রযুক্তি, প্রতিরক্ষা, ফাইন্যান্স এবং কনজিউমার মার্কেটের শক্তির ওপর ভরসা রেখেই আমেরিকা এখনও বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। গত দুই দশকে শিল্প উৎপাদন, রপ্তানি এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চীন বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত (India)। ভারতের অর্থনীতি প্রায় ৪.১৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত GDP বৃদ্ধি, ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বিশাল কর্মে সক্ষম যুব সংখ্যার কারণে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। এছাড়া যে সকল দেশ বিশ্বের ১২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখে, তারা হলো –
| স্থান | দেশের নাম | GDP |
| প্রথম | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩০.৬ ট্রিলিয়ন ডলার |
| দ্বিতীয় | চীন | ১৯.৪ ট্রিলিয়ন ডলার |
| তৃতীয় | জার্মানি | ৫ ট্রিলিয়ন ডলার |
| চতুর্থ | জাপান | ৪.৩০ ট্রিলিয়ন ডলার |
| পঞ্চম | ভারত | ৪.১৫ ট্রিলিয়ন ডলার |
| ষষ্ঠ | মার্কিন যুক্তরাজ্য | ৪ ট্রিলিয়ন ডলার |
| সপ্তম | ফ্রান্স | ৩.৪ ট্রিলিয়ন ডলার |
বিশেষজ্ঞদের মতে, আগামী দশকে বিশ্ব অর্থনীতির কেন্দ্র আরও বেশি করে এশিয়ার দিকে সরে যেতে পারে। উৎপাদন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে যে দেশগুলি বেশি বিনিয়োগ করবে, তারাই ভবিষ্যতের অর্থনৈতিক নেতৃত্ব দখল করবে। এদিকে বিশ্ব অর্থনীতির এই বিশাল আকারের মধ্যেও বৈষম্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উন্নত দেশগুলির তুলনায় বহু উন্নয়নশীল দেশ এখনও ঋণ, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যায় ভুগছে। ফলে বিশ্ব অর্থনীতির মোট আকার বাড়লেও সেই বৃদ্ধির সুবিধা সব দেশে সমানভাবে পৌঁছাচ্ছে না।




