Article By – সুনন্দা সেন

ভারতের অন্যতম বড় বীমা সংস্থা ICICI প্রুডেনটিয়াল লাইফ ইন্সুরেন্স (ICICI Prudential Life Insurance)-এর শেয়ার আজ বড় পতন। দিনের লেনদেনে কোম্পানির শেয়ার ৮ শতাংশেরও বেশি পড়ে যায়। এই পতনের মূল কারণ হিসেবে উঠে এসেছে ব্রিটিশ বীমা সংস্থা Prudential plc-এর সম্ভাব্য স্টেক কমানোর খবর। বাজারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রুডেনটিয়াল পলিসি (Prudential plc) ভারতীয় বীমা বাজারে নতুন কৌশল নিতে চাইছে। সংস্থাটি নাকি ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স-এ বড় অংশীদারিত্ব নেওয়ার পরিকল্পনা করছে। সেই কারণেই ICICI প্রুডেনটিয়াল লাইফে নিজেদের শেয়ার ১০%- এর নিচে নামিয়ে আনতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
এই খবর সামনে আসতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ সাধারণত কোনও বিদেশি বা বড় অংশীদার সংস্থা যখন নিজেদের শেয়ার কমানোর সিদ্ধান্ত নেয়, তখন বাজার সেটিকে দীর্ঘমেয়াদি আস্থার অভাব হিসেবে দেখে। ফলে অনেক বিনিয়োগকারী দ্রুত শেয়ার বিক্রি শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে তিনটি বড় কারণ কাজ করেছে। আর সেগুলি হলো;
- প্রথমত, বড় স্টেক বিক্রির সম্ভাবনায় বাজারে অতিরিক্ত শেয়ার আসতে পারে, যা দাম আরও কমিয়ে দিতে পারে।
- দ্বিতীয়ত, Prudential-এর নতুন বিনিয়োগ পরিকল্পনা ICICI Prudential Life-এর ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
- তৃতীয়ত, ২০২৬ সালে গোটা বীমা খাতই চাপের মধ্যে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, উচ্চ মূল্যায়ন এবং দুর্বল বাজার মনোভাবের কারণে এই সেক্টরের বহু শেয়ারই সাম্প্রতিক সময়ে চাপে রয়েছে।
তবে পরিস্থিতি সামাল দিতে ICICI Bank স্পষ্ট করেছে যে তারা ICICI লাইফে নিজেদের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব বজায় রাখবে। অর্থাৎ কোম্পানির নিয়ন্ত্রণ বা পরিচালনায় কোনও বড় পরিবর্তন আসছে না বলেই জানানো হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে প্রুডেন্সিয়াল আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং শেয়ার বিক্রির পরিমাণই ঠিক করবে ICICI Prudential Life-এর শেয়ারের ভবিষ্যৎ দিক। আপাতত বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।




