Article By – আস্তিক ঘোষ

চিন থেকে আসা কিছু জিনিসের আমদানি শুল্ক বাড়িয়েছে আমেরিকা। এই শুল্ক কার্যকর হওয়ার আগে, আমেরিকার বাজারে আরও বেশি পণ্য পাঠাতে চায় চিন। তাই চিনে পাঠানো হচ্ছে খালি কন্টেইনার। এতে কন্টেইনারের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ভারতে। জনৈক সরকারী কর্মকর্তা জানান, দুর্বল বৈশ্বিক চাহিদার মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বরে হ্রাস পেতে পারে ভারতের রফতানি। যার ফলে পণ্য পাঠানোর জন্য কন্টেইনার পাচ্ছেন না রফতানিকারকরা।
অনেক চিনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা করেছে আমেরিকার বাইডেন প্রশাসন। সেই তালিকায় রয়েছে ইস্পাত থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং তাদের যন্ত্রাংশ, বৈদ্যুতিক যান এবং চিকিৎসা পণ্য। এই বছর থেকে 2026 পর্যন্ত বেশ কয়েকটি ধাপে কার্যকর করা হবে এই শুল্ক। তাই এই শুল্ক কার্যকর করার আগে যতটা সম্ভব পণ্য আমেরিকায় পাঠাতে চায় চিন। এ কারণে চিনে হঠাৎ করেই বেড়েছে কন্টেইনারের চাহিদা।
সারা বিশ্ব থেকে চিনে খালি কন্টেইনার পাঠানো হচ্ছে। ভারতও এর থেকে মুক্ত নয়। এদিকে এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ কারণে বেড়েছে কনটেইনারের দাম। তবে সাম্প্রতিক সময়ে তা কম হতে শুরু করলেও রফতানিকারকদের সমস্যা আবার বাড়তে শুরু করেছে। চিনা পণ্যের ওপর আমেরিকার উচ্চ শুল্ক কার্যকর হতে শুরু করেছে আগস্ট থেকে। যার কারণেই যত তাড়াতাড়ি সম্ভব তাদের পণ্য আমেরিকায় পাঠাতে চায় চিনা রফতানিকারকরা।




