Article By – আস্তিক ঘোষ

Maha Kumbh Mela 2025: প্রয়াগরাজে আজ 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। সারা বিশ্বের প্রায় 40 কোটি মানুষ এই বিশ্বাসের সঙ্গমে শরিক হবেন। দেশের বড় বড় সংস্থাগুলিও মহাকুম্ভ নিয়ে প্রস্তুতি নিয়েছে। মন্দার সঙ্গে লড়াই করছে এমন অনেক কোম্পানি মহাকুম্ভে তাদের পণ্য বিপণনের জন্য অ্যাড দিচ্ছে ও নতুন পণ্য লঞ্চ করছে।
অনুমান করা হচ্ছে যে কোম্পানিগুলি তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনে 3600 কোটি টাকা খরচ করতে পারে। এই সংস্থাগুলি মহাকুম্ভে আগত 40 কোটি লোকের কাছে বিপণনের মাধ্যমে তাদের ব্র্যান্ড পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া কোম্পানিগুলো এই সময়ের মধ্যে নতুন পণ্য লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে FMCG কোম্পানি থেকে শুরু করে ব্যাঙ্ক এবং স্টার্টআপ সবই রয়েছে।
ডাবর, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস, পেপসিকো, কোকা-কোলা এবং ITC-র মতো FMCG কোম্পানিগুলি মহা কুম্ভের সুযোগকে কাজে লাগাতে চাইছে। আর্থিক মন্দার মধ্যে এই সংস্থাগুলি তাদের পণ্যগুলির প্রতি আরও বেশি সংখ্যক লোকের দৃষ্টি আকর্ষণ করতে মহাকুম্ভে প্রচুর অর্থ খরচ করবে। সংস্থাগুলি নানা ভাবে অভিনবত্ব আনতে চেষ্টা করছে।
বেশ কিছু সংস্থা নারী ভক্তদের জন্য চেঞ্জিং রুম এবং বেবি কেয়ার রুম তৈরি করছে। এতে কোম্পানিগুলো তাদের চুলের যত্ন ও শিশুর যত্নের পণ্য ব্র্যান্ড করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস তার ব্র্যান্ড ক্যাম্পার ব্যাপক প্রচার করছে। রিলায়েন্স মেলায় তীর্থযাত্রীদের জন্য একটি বিশ্রামের জায়গা তৈরি করেছে এবং এটিকে ক্যাম্পা আশ্রম হিসাবে চিহ্নিত করেছে। ITC গ্রাহকদের আঞ্চলিক খাবার পরিবেশন করবে। কোকা-কোলাও একই কৌশল গ্রহণ করেছে।




