Article By – সুনন্দা সেন

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ETF ভারতের অটো ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তির মাধ্যমে পাশাপাশি ইউরোপীয় গাড়ি ও অটো ইনস্ট্রুমেন্টে আরোপিত শুল্ক ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ইউরোপের একাধিক অটো ফার্ম এখন ভারতে চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র ও রপ্তানি হার হিসেবে দেখছে। বিশেষ করে ইউরোপীয় বাজারে চীনা গাড়ি ও ইভি নির্মাতাদের আধিপত্য কমাতে ভারতের কম উৎপাদন খরচ, দক্ষ শ্রমশক্তি ও বড় অভ্যন্তরীণ বাজারকে কাজে লাগাতে চাইছে তারা।
এই চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ির ওপর ভারতের উচ্চ শুল্ক ধীরে ধীরে কমে ৩০%–৩৫%-এ নামবে এবং দীর্ঘমেয়াদে ১০% পর্যন্ত হ্রাস পাবে। এর ফলে ইউরোপীয় নির্মাতাদের জন্য ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে, আবার একই সঙ্গে ভারতে উৎপাদিত গাড়ি ইউরোপে রপ্তানির সুযোগও বাড়বে। শিল্প বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থাই ইউরোপীয় অটো সংস্থাগুলিকে ভারতভিত্তিক উৎপাদনে আরও আগ্রহী করে তুলছে।
রেনো, ভক্সওয়াগেন, স্টেলান্টিস ও মার্সিডিজ-বেঞ্জের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, তারা ভারতে বিনিয়োগ বাড়িয়ে এখান থেকে ইউরোপে গাড়ি ও যন্ত্রাংশ রপ্তানি করতে চায়। রেনোর শীর্ষ কর্তা ফ্যাব্রিস ক্যাম্বোলিভে জানিয়েছেন, ভারত–EU ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক ভারতের ভূমিকা ইউরোপীয় অটো সাপ্লাই চেনে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। তাঁর মতে, ভারত শুধু বড় বাজারই নয়, বরং চীনের বিকল্প হিসেবে একটি কৌশলগত উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে।
চীনা অটো নির্মাতারা গত কয়েক বছরে ইউরোপে সস্তা ইভি ও গাড়ি সরবরাহ করে বাজার দখল করেছে। কিন্তু ভূ-রাজনৈতিক টানাপোড়েন, বাণিজ্যিক ঝুঁকি ও সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে ইউরোপ এখন বিকল্প খুঁজছে। এই প্রেক্ষাপটে ভারতকে দীর্ঘমেয়াদি ও তুলনামূলকভাবে স্থিতিশীল অংশীদার হিসেবে দেখছে ইউরোপীয় অটো ইন্ডাস্ট্রি। বিশ্লেষকদের মতে, ভারত – ইউরোপীয় ইউনিয়ন FTA কার্যকর হলে আগামী এক দশকে ভারতীয় অটো রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং ‘মেড ইন ইন্ডিয়া’ গাড়ি ইউরোপীয় বাজারে চীনা পণ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।




