Article By – সুনন্দা সেন

ভারতে ফের বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার জ্বালানির মূল্যবৃদ্ধি করলো তেল বিপণন সংস্থাগুলি (Oil Marketing Companies)। আজ (১৯ মে, ২০২৬) থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৯০ পয়সা পর্যন্ত বেড়েছে। নতুন দামের ফলে দিল্লীতে পেট্রোলের দাম পৌঁছেছে প্রায় ৯৮.৬৪ টাকায় এবং ডিজেলের দাম প্রায় ৯১.৫৮ টাকা। যেখানে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রায় ১০৯.৭০ টাকা এবং ডিজেল ৯৬ টাকার উপরে। একইভাবে মুম্বাই, চেন্নাই সহ প্রায় সকল রাজ্যেই দাম বেড়েছে।
এর আগে গত সপ্তাহেই কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি প্রায় ৩ টাকা বৃদ্ধি করেছিল। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে মোটর বৃদ্ধি অনেকটাই বেড়ে গেল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে পরিবহন ইন্ডাস্ট্রি; সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে ক্রড অয়েলের দাম বেড়েছে। যার প্রভাব ভারতেও পড়ছে।
তবে এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কারণ জ্বালানির দাম বাড়লে পরিবহণ খরচও বেড়ে যায়। যার ফলে সবজি, ফল, দুধ সহ খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, আগামী কয়েক মাসে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ট্রাক পরিবহন, বাস পরিষেবা ও অনলাইন ডেলিভারি খাতে অতিরিক্ত খরচের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে আগে দাম কমলেও সেই সুবিধা পুরোপুরি সাধারণ মানুষকে দেওয়া হয়নি। এখন আবার দ্রুত দাম বাড়ানো হচ্ছে।




