Article By – সুনন্দা সেন

বিশ্ব বুলিয়ন বাজারে রুপো (Silver) এখন সবচেয়ে শক্তিশালী পারফরমার হিসেবে উঠে এসেছে। সাম্প্রতিক র্যালিতে রুপো শুধু সোনাকেই নয়, প্লাটিনামকেও পিছনে ফেলেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান গতি বজায় থাকলে রুপোর পরবর্তী বড় পরীক্ষা হতে পারে প্রতি আউন্স ৮০-৯০ ডলারের স্তর, আর ২০২৬ সালের শুরুর দিকেই ১০০ ডলারে ছোঁয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, রুপোর এই শক্তিশালী উত্থানের পেছনে একাধিক কারণ কাজ করছে।
একদিকে যেমন শিল্পক্ষেত্রে চাহিদা বেড়েছে, বিশেষ করে সোলার প্যানেল, ইলেকট্রিক যান ও ইলেকট্রনিক্স শিল্পে। অন্যদিকে তেমনি বিনিয়োগকারীদের মধ্যেও রুপোর প্রতি আগ্রহ বাড়ছে। তুলনামূলকভাবে সস্তা মূল্য এবং দ্বৈত ব্যবহার শিল্প ও বিনিয়োগ ক্ষেত্র রুপোকে বিশেষ সুবিধা দিচ্ছে। অন্যদিকে, সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে তার গতি কিছুটা মন্থর। প্লাটিনামেও ওঠানামা থাকলেও রুপোর মতো ধারাবাহিক শক্তি দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে অনেক ফান্ড ম্যানেজার ও কমোডিটি বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান বুল মার্কেটে রুপো নেতৃত্বের ভূমিকায় চলে এসেছে।
বাজারের দৃষ্টিতে, সুদের হার কমার সম্ভাবনা, ডলার দুর্বল হওয়া এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে মূল্যবান ধাতুর জন্য পরিবেশ অনুকূল। তবে রুপোর ক্ষেত্রে অতিরিক্ত শিল্প চাহিদা একে আরও এগিয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ২০২৬ সালের শুরুতেই রুপো ঐতিহাসিক ১০০ ডলারের স্তরের দিকে যাত্রা করতে পারে। অর্থাৎ, বুলিয়ন বাজারে রুপো এখন বিনিয়োগকারীদের বিনিয়োগ কেন্দ্রবিন্দু । যদিও স্বল্পমেয়াদে ওঠানামা থাকতে পারে, তবুও দীর্ঘমেয়াদে রুপোর ভবিষ্যৎ নিয়ে বাজারে আশাবাদ স্পষ্ট।




