Article By – আস্তিক ঘোষ

ভারতের বাজারে নতুন জৈব সার চালু করার ঘোষণা করল সমবায় সংস্থা কৃষক ভারতীয় সহকারী লিমিটেড (KRIBHCO)। ফলন বৃদ্ধি করার পাশাপাশি মাটির গুণগতমান উন্নত করবে এই নতুন জৈব সার। এর নেপথ্যে ডেনিশ কোম্পানি নভোনেসিস। কৃষি-বায়োসলিউশনের ব্যবসায় বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি নভোনেসিসের সঙ্গে হাত মিলিয়েছে কৃষক ভারতীয় সহকারী লিমিটেড (KRIBHCO)।
সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ক্রিভকো এবং নভোনেসিস। এই জোটের উদ্দেশ্য, কৃষি-বায়োসলিউশনের ক্ষেত্রে সহযোগিতার সুযোগ খুঁজে বের করা। এর ফলে শুধুমাত্র ফসলের ফলনই বাড়াবে না,পাশাপশি মাটির গুণমানও উন্নত হবে। KRIBHCO এর ম্যানেজিং ডিরেক্টর এম আর শর্মা জানান, ভারতে একটি নতুন যুগের সূচনা করবে এই অংশীদারিত্ব৷ এতে আধুনিক জৈব চাষের সমাধান পাওয়া যাবে ভারতীয় কৃষকদের কাছেই। তিনি আরও বলেন, উদ্ভাবনী কৃষি-জৈব সমাধানের মাধ্যমে তার কৃষকদের ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ KRIBHCO।
এই সহযোগিতার প্রথম পর্যায়ে, নোভেশনেসিস-এর মালিকানাধীন LCO (Lipo-Chito-OligoSe Cariderous) উন্নত প্রযুক্তি সহ ভারতে একটি উন্নত মাইকোরাইজাল জৈব সার লঞ্চ করবে KRIBHCO। এই জৈব সারের নাম,’KRIBHCO RhizoSuper’। Kribhco RhizoSuper-এ Andromyco রাইজা অর্থাৎ উদ্ভিদের শিকড়ের জন্য উপযোগী ছত্রাক প্রজাতির একটি অনন্য সমন্বয় রয়েছে। এই জৈব-সলিউশন শিকড়ের কাছাকাছি মাটিতে কৃষি-বান্ধব ছত্রাকের ক্লাস্টারের দ্রুত বিস্তারে সাহায্য করবে। পাশাপশি, রাইজোস্ফিয়ার অর্থাৎ শিকড়ের চারপাশের মাটিতে উপকারী মাইক্রোবায়াল কার্যকলাপ বৃদ্ধি করবে। এই প্রযুক্তি গাছের বৃদ্ধিকে শক্তিশালী তো করবেই, আবার মাটির গুণমানও উন্নত করে। ফসফেট সার, অন্যান্য পুষ্টি এবং জলের কার্যকারিতা বাড়াতেও সহায়ক এক নতুন জৈব সার।




