Article By – সুনন্দা সেন

সিনিয়র সিটিজেনদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বড় স্বস্তির খবর। দেশের অন্যতম NBFC সংস্থা Bajaj Finance তাদের ফিক্সড ডিপোজিট বা FD- এর সুদের হার বাড়িয়েছে। নতুন ঘোষণায় দেখা যাচ্ছে, এখন সিনিয়র সিটিজেনরা এই সংস্থার FD-তে সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ পেতে পারেন। এই নতুন সুদের হার কার্যকর হয়েছে ২০২৬ সালের ১ মে থেকে। বিশেষ করে ৩১ মাস থেকে ৬০ মাস মেয়াদের FD-তে এই বাড়তি সুদের সুবিধা দেওয়া হচ্ছে। সাথে সাধারণ বিনিয়োগকারীদের জন্য যেখানে সর্বোচ্চ সুদের হার প্রায় ৭.৪০%, সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে আরও বেশি রিটার্ন দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাজারে বিভিন্ন NBFC এবং ব্যাংকের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এই ধরনের সুদের হার বৃদ্ধি দেখা যাচ্ছে। সংস্থাগুলি বেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য আকর্ষণীয় রিটার্ন অফার করছে। ভারতে সাধারণত সিনিয়র সিটিজেনদের FD-তে অতিরিক্ত ০.২৫% থেকে ০.৫০% পর্যন্ত সুদ দেওয়া হয়। ফলে তারা সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি লাভের সুযোগ পান। তবে, বিনিয়োগের আগে বিশেষজ্ঞরা কিছু বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন।
NBFC- এর FD সাধারণত ব্যাংকের তুলনায় একটু বেশি সুদ দেয়, কিন্তু ঝুঁকির দিকটিও বিবেচনা করা জরুরি। তাই সংস্থার ক্রেডিট রেটিং, নিরাপত্তা এবং রিটার্ন—সব কিছু বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্তমানে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলিতে সিনিয়র সিটিজেন FD সুদের হার সাধারণত ৭% থেকে ৭.৫% এর মধ্যে থাকে। সেই তুলনায় ৭.৭৫% সুদ একটি প্রতিযোগিতামূলক অফার বলেই মনে করা হচ্ছে।




