Article By – সুনন্দা সেন

দেশের শীর্ষ রিটেইল সংস্থাগুলি নতুন স্টোর খোলা এবং ব্যবসা সম্প্রসারণের জন্য প্রায় ৪,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বিশেষজ্ঞদের মতে, স্টোর সম্প্রসারণের ক্ষেত্রে এটি গত চার বছরের সর্বোচ্চ উর্ধ্বমুখীতা, যা দেশের ভোগব্যয় (Consumption expenditure) ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এদিকে এটা স্পষ্ট যে ভারতের রিটেইল বাজারের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির উপর বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট। আর এমন অবস্থান বজায় থাকলে আগামী কয়েক বছরে ভারতের সংগঠিত রিটেইল বাজার আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে।
আসলে ভারতের সংগঠিত রিটেইল বাজারে আবারও বড়সড় সম্প্রসারণের প্রস্তুতি শুরু হয়েছে। শীর্ষ রিটেইলাররা ইক্যুইটি, প্রাইভেট প্লেসমেন্ট এবং অন্যান্য আর্থিক উপায়ে প্রায় ৪,০০০ কোটি টাকার তহবিল বা ফান্ড সংগ্রহ করেছে। এউ অর্থ মূলত নতুন স্টোর খোলা, সাপ্লাই চেইন শক্তিশালী করা, গুদামজাতকরণ বৃদ্ধি এবং ডিজিটাল ও ওমনি চ্যানেল পরিষেবা (OmniChannel Services) উন্নয়নে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, ফ্যাশন, গ্রোসারি, জুয়েলারি, কনজিউমার ডিউরেবলস এবং লাইফস্টাইল সেগমেন্ট নতুন স্টোর খোলার গতি সবচেয়ে বেশি থাকে।
রিটেল সংস্থাগুলির এই আগ্রাসী সম্প্রসারণের পিছনে রয়েছে দেশের শক্তিশালী ভোক্তা চাহিদা। বিশেষ করে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরে ক্রেতার সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে বড় ব্র্যান্ডগুলো এখন শুধু মেট্রো শহরেই নয়, ছোট শহর ও আধা-শহুরে এলাকাতেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে। আর এই সম্প্রসারণের ফলে শুধু রিটেইল ইন্ডাস্ট্রিই নয়, কর্মসংস্থান, বাণিজ্যিক রিয়েল এস্টেট, লজিস্টিকস এবং গুদাম শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। নতুন স্টোর খোলার মাধ্যমে হাজার হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।




