Article By – সুনন্দা সেন

দেশের টেলিকম ক্ষেত্রের আর্থিক চাপে থাকা সংস্থা ভোডাফোন আইডিয়ার জন্য বড় স্বস্তির খবর। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা AGR বকেয়া সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় টেলিকম দপ্তর সংস্থাটিকে দীর্ঘমেয়াদ পরিশোধের সুযোগ দিয়েছে। এই নতুন ব্যবস্থায় আগামী ছয় বছর ধরে ভোডাফোন আইডিয়াকে বছরে সর্বোচ্চ ১২৪ কোটি করে সরকারকে দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোডাফোন আইডিয়ার উপর তাৎক্ষণিক আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা ২০২৬ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই AGR বকেয়া দেশের টেলিকম সংস্থাগুলির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আসলে টেলিকম সংস্থাটি ২০০৬-০৭ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত AGR বকেয়ার উপর সুদ ও জরিমানার হিসাব আপাতত স্থগিত রেখেছে। এর ফলে কোম্পানির নগদ প্রবাহে কিছুটা স্বস্তি আসবে। পরিশোধ সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত ছয় বছর ভোডাফোন আইডিয়া বছরে ১২৪ কোটি টাকা করে পরিশোধ করবে। এরপর ২০৩২ থেকে ২০৩৫ সাল পর্যন্ত চার বছর বছরে ১০০ কোটি টাকা করে দিতে হবে। বাকি টাকা ২০৩৬ থেকে ২০৪১ সালের মধ্যে সমান কিস্তিতে মেটানোর পরিকল্পনা রয়েছে।
এই ঘোষণার পর শেয়ার বাজারে ভোডাফোন আইডিয়ার শেয়ারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিনিয়োগকারীদের মতে, এই দীর্ঘমেয়াদি ছাড় কোম্পানির টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে বিশ্লেষকদের মতে, শুধুমাত্র এই ছাড় যথেষ্ট নয় টেলিকম সংস্থাটির জন্যে। নেটওয়ার্ক উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকতে ভোডাফোন আইডিয়াকে আরও বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে হবে। এই পরিস্থিতিতে সরকারের তরফে ভোডাফোন আইডিয়াকে দেওয়া এই ছাড় টেলিকম শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।




