Article By – সুনন্দা সেন

২০২৪–২৫ অর্থবছরে (FY25) দেশের অন্যতম বৃহৎ FMCG সংস্থা পার্লের প্রোডাক্টস থেকে প্রাপ্ত আয় ৮.৫% বৃদ্ধি পেয়ে ১৫,৫৬৮.৪৯ কোটি টাকায় পৌঁছেছে। চাহিদার ধীরে ধীরে উন্নতি, গ্রামীণ বাজারে বিক্রি বৃদ্ধি এবং জনপ্রিয় পণ্যের স্থিতিশীল পারফরম্যান্স এই আয়ের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে শিল্প মহলের ধারণা। তবে আয় বাড়লেও, ভারতের বিস্কুট বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। বাজার অংশীদারিত্বের দিক থেকে এখনও ব্রিটানিয়াই দেশের সবচেয়ে বড় বিস্কুট প্রস্তুতকারী সংস্থা হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে।
বিশেষ করে গুড ডে, ম্যারি, লিটল হার্টস ও টাইগারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের জোরেই ব্রিটানিয়ার এই নেতৃত্ব অটুট রয়েছে। অন্যদিকে, ব্রিটানিয়া শুধু বিস্কুট নয়, বেকারি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রেও নিজেদের উপস্থিতি ক্রমশ বাড়াচ্ছে। এই বৈচিত্র্যময় পণ্যভিত্তিক কৌশল ব্রিটানিয়াকে প্রতিযোগিতায় আরও শক্তিশালী করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শিল্প বিশেষজ্ঞদের মতে, কাঁচামালের দামের ওঠানামা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার উপর নির্ভর করে আগামী দিনে FMCG সংস্থাগুলির বৃদ্ধির গতি নির্ধারিত হবে। তবে ২০২৪-২৫ অর্থবছরের ফলাফল থেকে স্পষ্ট, পার্লে আয় বৃদ্ধিতে সফল হলেও, বাজার নেতৃত্বের দৌড়ে এখনও ব্রিটানিয়া এগিয়ে। অর্থাৎ বলা যায় যে ভারতের বিস্কুট বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। একদিকে পার্লে তার শক্ত ভিত ও ব্যাপক বাজর প্রসারের সুবিধা কাজে লাগাচ্ছে। অন্যদিকে ব্রিটানিয়া ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের বৈচিত্র্যের মাধ্যমে শীর্ষস্থান ধরে রাখার কৌশল অব্যাহত রেখেছে।




