Article By – আস্তিক ঘোষ

আজ 14 অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। এর মাঝেই খারাপ খবর। আগে যেসব বহুজাতিক কোম্পানি সেখানে এসেছিল তারাও পালিয়ে যাচ্ছে। এর কারণ দেশের শোচনীয় অর্থনীতি। 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান উভয়ই। একটা দিনের হেরফের। ভারত স্বাধীনতা পায় 15 আগস্ট আর পাকিস্তান স্বাধীনতা পায় 14 আগস্ট। এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির উন্নতি সত্যিই চোখে পড়ার মত। মেক ইন ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে ভারতে আসছে সারা বিশ্বের কোম্পানি। কারখানা স্থাপন করা হচ্ছে। কিন্তু, উল্টো ছবি দেখা যাচ্ছে পাকিস্তানে। সেদেশের অর্থনীতি খুবই খারাপ।
পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বহুজাতিক কোম্পানির (এমএনসি) কার্যক্রমেও। সাম্প্রতিক বছরগুলিতে উঠে আসা একটি প্রবণতা হল মাল্টি ন্যাশনাল কোম্পানির দেশত্যাগ। পাকিস্তানের বিনিয়োগের পরিবেশ, নিয়ন্ত্রক ব্যবস্থার অস্থিতিশীলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক অস্থিরতার সংমিশ্রণে আস্থার একটি গুরুতর সংকটের ইঙ্গিত দিচ্ছে। সেই কারণে বহুজাতিক কোম্পানিগুলোর এখন আর সে দেশে কাজ করার কোনও আস্থা নেই।
পাকিস্তানের জ্বালানি খুচরা খাতে টোটাল পারকো একটি গুরুত্বপূর্ণ কোম্পানি। ফ্রান্সের হেডকোয়ার্টার এই কোম্পানির। কোম্পানি টোটাল এনার্জি এর 50 শতাংশ শেয়ার ছিল। সম্প্রতি, টোটাল এনার্জি তার 50 শতাংশ শেয়ার বিক্রি করেছে সুইস পণ্য ব্যবসায়ী গানভোর গ্রুপের কাছে। এই চুক্তিটি 26.5 মিলিয়ন ডলারের। একইভাবে নরওয়ের প্রধান কার্যালয় টেলিনর গ্রুপও পাকিস্তানকে বিদায় জানিয়েছে। 2023 সালের ডিসেম্বরে পাকিস্তানে তার অংশীদারিত্ব পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানির কাছে বিক্রি করে দেশ ছেড়েছে এই কোম্পানি। প্রায় 20 বছর ধরে পাকিস্তানের বাজারে ছিল এবং প্রায় 45 মিলিয়ন গ্রাহক ছিল টেলিনর।
পেট্রোলিয়াম সেক্টরে বিশ্বখ্যাত ব্রিটিশ কোম্পানি শেল অয়েলও পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার পথে। গত 75 বছর ধরে পাকিস্তানে শেল অয়েল কাজ করছিল। কিন্তু তা সত্ত্বেও, এই কোম্পানি সৌদি ফার্ম ওয়াফি এনার্জির কাছে শেল পাকিস্তানের 77.42 শতাংশ শেয়ার বিক্রি করতে চাইছে। l এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য অনেক বড় ক্ষতি।





