Article By – সুনন্দা সেন

সফটব্যাংক গ্রুপ (SoftBank Group) ফের বড় অঙ্কের ঋণ সংগ্রহের পথে। OpenAI-তে তাদের বিপুল বিনিয়োগের অর্থ জোগাড় ও আগের ঋণ পুনর্গঠনের জন্য জাপানি প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি আরও ১০ বিলিয়ন ডলারের ঋণ চাইছে। এদিকে OpenAI-তে সফটব্যাংকের বিনিয়োগ ইতিমধ্যেই বিশাল। ২০২৬ সালে সংস্থাটি OpenAI-তে মোট ৩০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা করেছে। এর মধ্যে এপ্রিল ও জুলাইয়ে ১০ বিলিয়ন ডলার করে দুটি কিস্তি দেওয়া হয়েছে, আর আরও ১০ বিলিয়ন ডলার অক্টোবর মাসে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আর এই বিনিয়োগ সম্পূর্ণ হলে OpenAI-তে সফটব্যাংকের মোট বিনিয়োগ প্রায় ৬৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছবে এবং তাদের মালিকানা প্রায় ১৩% হতে পারে। সাথে এই বিনিয়োগের অর্থ জোগাড় করতে সফটব্যাংক ইতিমধ্যেই ৪০ বিলিয়ন ডলারের একটি ব্রিজ লোন সুবিধা (bridge loan facility) তৈরি করেছে। সংস্থার আর্থিক নথি অনুযায়ী, ২০ বিলিয়ন ডলার ইতিমধ্যে OpenAI-তে বিনিয়োগের কাজে ব্যবহার হয়েছে এবং আরও ১০ বিলিয়ন ডলার অক্টোবরের কিস্তির জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ব্রিজ লোন ২০২৭ সালের মার্চে পরিশোধযোগ্য।
এর পাশাপাশি, সফটব্যাংক OpenAI- এর শেয়ারকে কেন্দ্র করে সম্পদ-সমর্থিত অর্থায়ন (asset-backed financing)-এর মাধ্যমে ঋণ নেওয়ার চেষ্টা করছে। জুলাইয়ে সংস্থাটি ১০ বিলিয়ন ডলারের এমন একটি ঋণের জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা ফের শুরু করেছিল। OpenAI-র মতো প্রাইভেট কোম্পানির শেয়ারের মূল্যায়ন নিয়ে ব্যাংকগুলির উদ্বেগ থাকায় সফটব্যাংক ঋণের ক্ষেত্রে অতিরিক্ত নিশ্চয়তাও দেওয়ার প্রস্তাব করেছে। এদিকে OpenAI-ও বিপুল মূলধন সংগ্রহ করছে।
পাশাপাশি ফেব্রুয়ারিতে সংস্থাটি ১১০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঘোষণা করে, যার মধ্যে সফটব্যাংকের ৩০ বিলিয়ন ডলার রয়েছে এবং সেই সময় OpenAI-এর প্রাক-অর্থায়ন মূল্যায়ন (pre-money valuation) ছিল ৭৩০ বিলিয়ন ডলার। অর্থাৎ, AI- এর ভবিষ্যৎ নিয়ে সফটব্যাংকের বড় বাজি আরও স্পষ্ট হচ্ছে। তবে OpenAI- এর মূল্যায়ন কমে গেলে বা বাজারে অস্থিরতা বাড়লে OpenAI-এর শেয়ারকে জামানত রেখে নেওয়া লোন সফটব্যাংকের জন্য আর্থিক ঝুঁকিও বাড়াতে পারে। এছাড়া সফটব্যাংক নিজেও তাদের ঋণ-টু-ভ্যালু অনুপাত নিয়ন্ত্রণে রাখাকে আর্থিক নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে।




