Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক বাণিজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। কারণ আদালতের ধাক্কা সত্ত্বেও ট্যারিফ নীতি থেকে পিছিয়ে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর প্রশাসনের একটি ট্যারিফ সিদ্ধান্তে আইনি বাধা দেওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি “অন্য আইনি পথে” আবারও বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। কী বলছেন ট্রাম্প এবং এর প্রভাব বিশ্ব বাণিজ্য সহ ভারতের উপর কতটা পড়তে পারে?
সম্প্রতি Supreme Court of the United States একটি গুরুত্বপূর্ণ রায়ে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতিকে বড় ধাক্কা দেয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইনের আওতায় প্রেসিডেন্ট যেভাবে কিছু বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন, তা আইনের সীমা ছাড়িয়ে যেতে পারে। এই সিদ্ধান্তে কার্যত স্থগিত হয়ে যায় ট্রাম্প প্রশাসনের সেই পরিকল্পনা, যার মাধ্যমে বিদেশি পণ্যের উপর অতিরিক্ত ট্যারিফ বসিয়ে মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
তবে আদালতের এই রায়ের পরই তীব্র প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শিল্পকে রক্ষা করা তাঁর দায়িত্ব এবং সেই লক্ষ্যে প্রয়োজনে অন্য আইনি পথ ব্যবহার করে আবারও ট্যারিফ আরোপ করা হবে। ট্রাম্পের দাবি, বহু বছর ধরে বিদেশি দেশগুলো আমেরিকার বাজারে সুবিধা নিয়ে ব্যবসা করেছে এবং মার্কিন শিল্প ক্ষতির মুখে পড়েছে। তাই যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কঠোর বাণিজ্য নীতি চালু করা প্রয়োজন। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করতে পারে অথবা অন্য বাণিজ্য আইনের ধারা ব্যবহার করে নির্দিষ্ট দেশ বা শিল্পের ওপর শুল্ক আরোপ করতে পারে।
যদি সেই পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়তে পারে। পাশাপশি বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি কার্যকর হলে ভারতের রপ্তানি ক্ষেত্রেও কিছু প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইস্পাত, রাসায়নিক, টেক্সটাইল বা প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে বাজার পরিস্থিতি বদলাতে পারে।




