Article By – আস্তিক ঘোষ

শুক্রবার 8টি বড় রেল প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা অনুমোদিত এই প্রকল্পগুলিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে প্রাচ্যের রাজ্যগুলিতে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ করতে 24,657 কোটি টাকা বিনিয়োগ করা হবে। 2030-31 সালের মধ্যে শেষ হবে এই প্রকল্পগুলির কাজ। এই প্রকল্পগুলি সম্পর্কে তথ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা আজ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আজ মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যাচ্ছে যে, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব এবং অন্ধ্র প্রদেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 3 কোটি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন করা আটটি প্রকল্পের মধ্যে 4টি ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার জন্য। একটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওডিশার জন্য। একটি মহারাষ্ট্রের জন্য। অন্যটি বিহারের জন্য। বিক্রমশিলা-কাটারিয়ার মধ্যে হবে বিহার প্রকল্প। এর দৈর্ঘ্য হবে 26.23 কিমি। মহারাষ্ট্র প্রকল্পটি হবে মারাঠাওয়াড়া এবং উত্তর মহারাষ্ট্রের মধ্যে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উল্লিখিত প্রকল্পের আওতায় দুর্দান্ত পরিবহন করিডোর তৈরি করতে জলগাঁও থেকে জালনা পর্যন্ত প্রায় 174 কিলোমিটার একটি নতুন লাইন স্থাপন করা হবে।
7টি রাজ্যের 14টি জেলাকে কভার করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত 8টি নতুন প্রকল্প। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয় তার পাশাপাশি লজিস্টিক খরচ কমিয়ে দেবে। কমবে কার্বন নিঃসরণ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, এই প্রকল্পগুলি শুরু হওয়ার পাশাপাশি 30 লক্ষ গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমবে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় 3 কোটি মানুষের।





