Article By – সুনন্দা সেন

আগামী ১ফেব্রুয়ারি,২০২৫ আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেটের ঘোষণা হতে চলেছে। সম্প্রতি সম্পন্ন হয়েছে হালুয়া সেরিমনি। এর মাঝেই অনুমান করা হচ্ছে যে আসন্ন বাজেটে কোন কোন বিষয় আলোচনা করা হবে। অনুমানিত বিষয়গুলির মধ্যে অন্যতম হলো ভারতীয় রেলওয়ে। নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন, যার লক্ষ্য সাধারণ এবং স্লিপার ক্লাসে ভ্রমণকারীদের কম দামে উন্নত সুবিধা প্রদান করা। আসন্ন কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় উল্লেখ করা হতে পারে। আসন্ন বাজেটে রেল মন্ত্রণালয়ের জন্য প্রায় ১৫% ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যার বেশিরভাগই অবকাঠামোগত প্রকল্পগুলিকে জোরদার করার লক্ষ্যে।
কর্মকর্তারা জানিয়েছেন যে কাশ্মীরে উচ্চাভিলাষী উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক বা USBRL (Udhampur-Srinagar-Baramulla Rail Link) সম্পন্ন করা, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে স্টেশন উন্নয়ন, ট্রেন সুরক্ষা ব্যবস্থা কবচ ৪.০, নিরাপত্তার জন্য উচ্চ মূলধন ব্যয় ইত্যাদি এই বছরের বাজেটে রেলওয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে থাকবে। রেলপথ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২.৫২ লক্ষ কোটি টাকার বাজেট সহায়তা পেয়েছি। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরের জন্য, আমরা আসন্ন বাজেটে প্রায় ১৫% বৃদ্ধির আশা করছি। এটি আমাদের পরিকাঠামো প্রকল্পের ধারাবাহিকতাকে আরও জোরদার করবে।
অমৃত ভারত ট্রেনসেটে মোট ২২টি কোচ রয়েছে যার উভয় প্রান্তে লোকোমোটিভ রয়েছে। এই ট্রেনগুলিতে ডাইনিং কার এবং স্লিপার সুবিধা রয়েছে। বর্তমানে, দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। একটি দারভাঙ্গা এবং আনন্দ বিহার টার্মিনালের মধ্যে, আর দ্বিতীয় ট্রেনটি মালদা টাউন এবং বেঙ্গালুরুর মধ্যে চলছে। সরকার আগামী দুই বছরে যাত্রীদের আরাম এবং নিরাপত্তার উন্নত বৈশিষ্ট্য সহ ৫০টি অমৃত ভারত ২.০ সংস্করণের ট্রেন তৈরির পরিকল্পনা করছে। মোট ২৫টি অমৃত ভারত ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) তে তৈরি করা হবে এবং বাকি ২৫টি ট্রেন কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি সরবরাহ করবে।




