প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ঢেলে সাজানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনগুলিকে। এরই মধ্যে প্রকাশ্যে এলো বড় খবর। 400-500টি Amrit Bharat Station-র কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। একথা জানালেন স্বয়ং রেলওয়ে বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার সদস্য অনিল খান্ডেলওয়াল। ইটি ইনফ্রা রেল শো-এর থার্ড এডিসনে বক্তব্য রাখতে গিয়ে খান্ডেলওয়াল বলেন,“আমরা আশা করছি, প্রায় 400টি স্টেশন বা 400 থেকে 500টি স্টেশনের কাজ চলতি বছরেই শেষ হবে এবং পরের বছরে একই ভাবে কাজের ভারসাম্য বজায় থাকবে।”
2024 সালের 26 ফেব্রুয়ারি, 41,000 কোটি টাকারও বেশি বাজেটের রেলওয়ে অবকাঠামো প্রকল্পের একটি সিরিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Amrit Bharat Station প্রকল্পের আওতায় 553টি রেলস্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। 27টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত এই প্রকল্প। দেশের স্টেশনগুলিকে পুনর্গঠন করার লক্ষ্যে রেলপথ মন্ত্রক এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের আওতায় স্টেশনগুলিতে ওয়েটিং হল, টয়লেট, এসকেলেটর,বাচ্চাদের খেলার জায়গা, কিয়স্ক, ফুড কোর্ট, ওয়াই-ফাই এবং মাল্টিমোডাল সংযোগের মতো অন্যান্য পরিষেবাগুলির উন্নতির জন্য মাস্টার প্ল্যানগুলির প্রস্তুতি এবং পর্যায়ক্রমে তাদের বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করে রেলমন্ত্রক।
সরকারি প্রকল্পের কোর্স
রেলওয়ে বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার সদস্য অনিল খান্ডেলওয়াল বলেন, “অমৃত ভারত স্টেশন স্কিমের মাধ্যমে আমরা 1,300 টিরও বেশি স্টেশন তৈরি করছি। আমরা যখন আমাদের যাত্রা শুরু করব তখন এই স্টেশনগুলি যাত্রীদের আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে”। প্রায় 1,300টি স্টেশনের মধ্যে বর্তমানে 1,100টি স্টেশনের কাজ চলছে এবং পাঁচটি স্টেশনগুলির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। 2047 সালের মধ্যে প্রায় 4,000 স্টেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রেখেছে রেলমন্ত্রক। এছাড়াও, দেশের জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য নন-এসি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানান অনিল খান্ডেলওয়াল।

Article By – আস্তিক ঘোষ





