Article By – সুনন্দা সেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহের সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প (PM KISAN)-এর ১৯তম ইনস্টলমেন্ট প্রকাশ করবেন। যার মাধ্যমে কৃষক সম্প্রদায়ের আয় বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ৯.৮ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ২২,০০০ কোটি টাকা ট্রান্সফার করা হবে। এই স্কিমের অধীনে, প্রতিটি সুবিধাভোগী (beneficiary) প্রতি চার মাসে ২০০০ টাকার তিনটি সমান ইনস্টোলমেন্টে বার্ষিক ৬,০০০ টাকার সুবিধা পাবেন।
এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ১৮তম ইনস্টলমেন্টের ৯.৬ কোটি সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ১৯তম ইনস্টলমেন্টে ৯.৮ কোটি হয়েছে। সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-এর অধীনে এই পর্যন্ত মোট ৩.৪৬ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে। আগামী সপ্তাহের সোমবার ১৯তম ইনস্টলমেন্টের ঘোষণা প্রকাশের পর এই সংখ্যা বেড়ে ৩.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু করা PM-কিষাণ স্কিমটি বিশ্বের বৃহত্তম ডিরেক্ট বেনিফিট স্কিম বা DBT। যা কৃষকদের বীজ ও সার কেনার খরচ মেটাতে সাহায্য করছে। তিনি আরও জানান যে পাঞ্জাবে প্রতিবাদরত কৃষকদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী বারাউনিতে স্থাপিত একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট (Dairy Processing Unit) এবং গোকুল মিশনের অধীনে একটি উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করবেন। পাশাপাশি রাজ্যে কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন। তারপরে বলেন যে তিনি নিজে দারভাঙ্গায় মাখানা উৎপাদনকারী কৃষকদের সাথে দেখা করে, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। আর আশ্বস্ত করেছেন যে এই বছরের বাজেটে প্রস্তাবিত মাখানা বোর্ড শীঘ্রই প্রতিষ্ঠিত হবে। এছাড়া ভাগলপুরের অনুষ্ঠানে ২.৫ কোটি কৃষক ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।




