Article By – সুনন্দা সেন

৩১মার্চ, ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI লেনদেন গত আর্থিক বছরের তুলনায় ৪১%-এর বেশি বৃদ্ধি পেলেও, তা সরকারি লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৭.৫% কম পড়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে উপলব্ধ তথ্য অনুসারে, সরকার গত অর্থবছরে ২০,০০০ কোটি বা ২০০ বিলিয়ন লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। যেখানে দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি আগের অর্থবছরে ১৮,৫০০ কোটি বা ১৮৫ বিলিয়ন লেনদেন রেকর্ড করেছে।
UPI বছরে ৪১%-এরও বেশি প্রবৃদ্ধি রেকর্ড করার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৪ সালে শেষ হওয়া আর্থিক বছরে প্ল্যাটফর্মটি ১৩১ বিলিয়ন লেনদেন রেকর্ড করেছে। গত অর্থবছরে ১,৫০০ কোটি টাকার UPI ভর্তুকির ঘোষণা করার সময়, সরকার বলেছিল যে এই কর্মসূচির লক্ষ্য হল UPI প্ল্যাটফর্মকে ২০০ বিলিয়ন লেনদেন অর্জনের জন্য প্রচার করা। যার ফলে আর্থিক বছরে লেনদেনের মূল্যও বেড়ে ২৬০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা আগের অর্থবছরে ২০০ লক্ষ কোটি টাকা ছিল। গত অর্থবছরের মার্চ মাসে UPI লেনদেনের সংখ্যা ১৮.৩ বিলিয়নের নতুন রেকর্ড গড়েছে। যার মূল্য ২৪.৭৭ লক্ষ কোটি টাকা।
মার্চ মাসটি UPI-এর জন্য একটি যুগান্তকারী মাস হিসেবে প্রমাণিত হয়েছে। যেখানে প্রথমবারের মতো দৈনিক লেনদেনের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। শুধুমাত্র ১মার্চ, ২০২৫-এ UPI-এর মাধ্যমে ১,০১,৬২৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ২০২৪ সালে আবার UPI ১৭২ বিলিয়নেরও বেশি লেনদেন রেকর্ড করেছে। যা আগের বছরের তুলনায় ৪৫% বেশি। UPI পরিচালনকারী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, ২০২৩ সালে প্ল্যাটফর্মটি প্রায় ১১৭ বিলিয়ন লেনদেন রেকর্ড করেছে।




