Article By – সুনন্দা সেন

ভারতের সরকারি বন্ড বাজারে আরও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। সংসদের চলতি অধিবেশনে অচলাবস্থা থাকলেও সরকার ইনকাম-ট্যাক্স (Amendment) বিল পাস করাতে আশাবাদী। আর এই বিলের মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীদের জন্য আগেই অর্ডিন্যান্স ঘোষণা করা কর-ছাড়কে আইনি স্বীকৃতি দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিলটি আগামী সপ্তাহেই লোকসভায় তোলা হতে পারে। আর এটি পাস করতে সাধারণ সংখ্যা গরিষ্ঠতাই যথেষ্ট, ফলে সরকার মনে করছে অন্যান্য বিতর্কিত ইস্যুর মাঝেও এই বিল সহজেই অনুমোদন পেতে পারে।
বর্তমানে সংসদের কার্যক্রম বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বারবার ব্যহত হচ্ছে। এই সংশোধনের মূল উদ্দেশ্য হলো ভারতের সরকারি বন্ড বাজারকে বিদেশী তহবিলের কাছে আরও আকর্ষনীয় করে তোলা। চলতি বছরের জুন মাসে জারি হওয়া অদ্যাদেশে বা অর্ডিন্যান্স বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকারি বন্ডের সুদের ওপর উইথহোল্ডিং ট্যাক্স এবং দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর (Long Term Capital Gains Tax) তুলে দেওয়া হয়েছিল। এখন সেই সীদ্ধান্তকে স্থায়ী আইনি রূপ দিতে চায় সরকার।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সফল হলে ভারতে বিদেশি ঋণ বিনিয়োগ আরও বাড়তে পারে। এতে সরকারি বন্ডের চাহিদা বৃদ্ধি, বন্ডের ফলন বা ইয়িল্ড কমা এবং সরকারের ঋণ গ্রহণের খরচ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বন্ড সূচকে ভারতের অবস্থান আরও শক্তিশালী হতে পারে এবং দীর্ঘমেয়াদে রুপিও সমর্থন পেতে পারে। এই বিল পাস হলে ভারতের বন্ড বাজারে বিদেশি মূলধনের প্রবাহ বাড়তে পারে, যা সরকারের ঋণ সংগ্রহের খরচ কমাতে, আর্থিক বাজারে তারল্য বাড়াতে এবং ভারতের বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




