Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় সরকার দ্রুত ডেলিভারি বা কুইক কমার্স (Quick Commerce) প্ল্যাটফর্মগুলোকে তাদের বিপণন বার্তায় থাকা ‘১০ মিনিট ডেলিভারি’ ব্র্যান্ডিং বা সময়সীমা দাবি প্রত্যাহার করতে অনুরোধ করেছে। এই উদ্যোগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে নেওয়া হয়েছে, যার লক্ষ্য গিগ ওয়ার্কারদের নিরাপত্তা ও কর্মপরিবেশ বা Working Environment উন্নত করা। রিপোর্ট অনুযয়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে Blinkit, Zepto, Swiggy Instamart ও Zomato-এর মতো একাধিক বড় কুইক-কমার্স সংস্থার সঙ্গে আলোচনা করেছে।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মন্দাভিয়া জানিয়েছেন যে ১০ মিনিটে ডেলিভারির মতো কঠোর সময়সীমা এবং সেই কথাটি মার্কেটিং ও বিজ্ঞাপনে ব্যবহার করা কর্মীদের ওপর অত্যাধিক চাপ তৈরি করছে। সরকারের আশঙ্কা, সময়সীমা নির্ধারণ ও এই ধরনের বিজ্ঞাপন ডেলিভারি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে চলে। প্রকাশিত সরকারি সূত্রের মতে, দ্রুত ডেলিভারির প্রতিযোগিতায় অনেক সময় ডেলিভারি কর্মীরা ট্রাফিক নিয়ম মেনে চলতে পারে না। এতে শুধু তাঁদের নিজের জীবনই ঝুঁকির মুখে পড়ে না, সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে।
তাই ডেলিভারির গতি নয়, বরং নিরাপত্তা ও কর্মীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিতেই এই ব্র্যান্ডিং পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। এই সরকারি হস্তক্ষেপের পর কিছু সংস্থা ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, কয়েকটি প্ল্যাটফর্ম তাদের অ্যাপ ও বিজ্ঞাপন থেকে ‘১০-মিনিট ডেলিভারি’ শব্দবন্ধ সরানো শুরু করেছে, যদিও পরিষেবার বাস্তব ডেলিভারি সময় খুব একটা বদলাবে না বলে সংস্থাগুলি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কোয়িক-কমার্স শিল্পের জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। এতদিন এই খাতে গ্রাহক টানার মূল হাতিয়ার ছিল অতি দ্রুত ডেলিভারির প্রতিশ্রুতি। কিন্তু এখন সরকার স্পষ্ট করে দিয়েছে যে কর্মীদের নিরাপত্তা ও সুস্থ কর্মপরিবেশের বিনিময়ে কোনও বিপণন কৌশল গ্রহণযোগ্য নয়।




