Article By – সুনন্দা সেন

ভারত সরকার স্মার্টফোন উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য একটি নতুন ইনসেনটিভ যা প্রণোদনা স্কিম তৈরির পরিকল্পনা করছে। এই পরিকলপনার মূল লক্ষ্য হলো ভারতকে বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিক্স ও স্মার্টফোন রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সরকারি সূত্র অনুযায়ী, নতুন স্কিমে কোম্পানিগুলিকে তাদের রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হতে পারে। যা বিশেষ করে অ্যাপল (Apple)-এর মতো বড় প্রযুক্তি কোম্পানির জন্য বড় সুযোগ তৈরী করতে পারে।
গত কয়েক বছরে কোম্পানিটি ভারতে দ্রুত উৎপাদন বাড়াচ্ছে এবং এখান থেকেই বিশ্বের বিভিন্ন দিক থেকে আইফোন (iPhone) রপ্তানি করছে। নতুন ইনসেনটিভ কার্যকর হলে ভারতে অ্যাপলের উৎপাদন ও রপ্তানি আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে আইফোন উতপাদন গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের একটি বড় অংশই ভারতের থেকে যাচ্ছে। এর ফলে ভারত এখন বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এই বৃদ্ধির ফলে দেশের ইলেকট্রনিক্স রপ্তানিও দ্রুত বাড়ছে।
ভারতের এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সরকারের মেন ইন ইন্ডিয়া উদ্যোগ এবং বিভিন্ন উৎপাদন – সংক্রান্ত ইনসেনটিভ স্কিম। এই নীতিগুলির ফলে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ভারতে কারখানা স্থাপন করেছে এবং বড় পরিসরে উৎপাদন শুরু করেছে। এর ফলে কর্মসংস্থান বাড়ছে এবং দেশের প্রযুক্তি শিল্প আরও শক্তিশালী হচ্ছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে পরিবর্তনের কারণে অনেক প্রযুক্তি কোম্পানি এখন চীনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। এই পরিস্থিতিতে ভারত দ্রুত একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে এসেছে।




