Article By – সুনন্দা সেন

মঙ্গলবার অর্থাৎ আজ (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, ভারত ও আমেরিকা আগামী ৬-৮ মাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে এবং একটি “শক্তিশালী” বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ভারত ও আমেরিকা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি করে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার এবং ২০২৫ সালের মধ্যে পারস্পরিক উপকারী (mutually beneficial), বহু-ক্ষেত্রীয় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা BTA- এর প্রথম ধাপ নিয়ে আলোচনা করার ঘোষণা করেছেন।
CII-এর ভারত-কাতার ব্যবসায়িক ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের গোয়েল বলেন “আগামী ৬-৮ মাসের মধ্যে, একটি শক্তিশালী বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠার মাধ্যমে, আমরা বাণিজ্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, উভয় দেশের ব্যবসা প্রতিষ্ঠান এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত। সাধারণত একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে, দুটি বাণিজ্য অংশীদার তাদের মধ্যে সর্বাধিক সংখ্যক পণ্যের উপর শুল্ক বাতিল করে অথবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এছাড়াও, তারা পরিষেবা বাণিজ্যকে উৎসাহিত করতে এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য নিয়মগুলি শিথিল করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে, দুই দেশ একটি ক্ষুদ্র-বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছিল। কিন্তু জো বাইডেন প্রশাসন এই ধরনের চুক্তির পক্ষে না থাকায় এটি বাতিল করে দেয়। ২০২৩ সালে, পণ্য ও পরিষেবা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১৯০.০৮ বিলিয়ন মার্কিন ডলারের (১২৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার পণ্য এবং ৬৬.১৯ বিলিয়ন মার্কিন ডলার পরিষেবা বাণিজ্য)। সেই বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি ছিল ৮৩.৭৭ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি ছিল ৪০.১২ বিলিয়ন মার্কিন ডলার, যার ফলে ভারতের পক্ষে ৪৩.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি ছিল।
আবার ২০২৩ সালে আমেরিকায় দেশটির পরিষেবা রপ্তানি ছিল ৩৬.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমদানি ছিল ২৯.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। নয়াদিল্লির পক্ষে বাণিজ্য ঘাটতি ছিল ৬.৪৭ বিলিয়ন মার্কিন ডলারের। ২০২১-২৪ সালে, আমেরিকা ছিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এখনো আমেরিকা ভারতের সাথে বাণিজ্য উদ্বৃত্ত (trade surplus) থাকা কয়েকটি দেশের মধ্যে একটি। ২০২৩-২৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যেখানে ১১৯.৭১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল। ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারত, আমেরিকা থেকে ৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলারের সরাসরি বিদেশী বিনিয়োগ পেয়েছে।




