500টি বড় কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে নতুন ইন্টার্নশিপ প্রকল্প (Scheme) চালু করল কেন্দ্রীয় সরকার। যুবকদের দক্ষ করে তুলে চাকরির জন্য প্রস্তুত করাই হল এই প্রকল্পের উদ্দেশ্য। 2024 সালের কেন্দ্রীয় বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ইন্টার্নশিপ প্রকল্প। কেন্দ্রের প্রকল্পে যোগদান করার বিষয়টি অবশ্য কোনও বাধ্যবাধকতা নয়।
এই সিদ্ধান্ত পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে কোম্পানিগুলির ওপরেই। কেন্দ্রের এই প্রকল্পের (Scheme) অনেক সুবিধাও রয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের ভবিষ্যতের কর্মীদের প্রস্তুত করতে পারে। সরকার আশা করছে, এই প্রকল্পের আওতায় 5 বছরে 1 কোটি যুবক দক্ষ হতে পারবেন।
কারা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন 21 থেকে 24 বছর বয়সী যুবকরা। তবে, আবেদনকারী কোনও চাকরি বা পূর্ণকালীন শিক্ষার সঙ্গে জড়িত থাকলে তা সম্ভব হবে না। IIT, IIM, IISR -এর মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রার্থীর পরিবারের কোনও সদস্য আয়করদাতা বা সরকারি কর্মচারী হলেও মিলবে না সুযোগ।
এই ইন্টার্নশিপ কতদিন চলবে?
এই ইন্টার্নশিপ হবে 12 মাসের জন্য। এই সময়ের মধ্যে, সংস্থাগুলি তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে প্রস্তুত করে তুলবেন ইন্টার্নদের।
সরকার থেকে কত টাকা ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে?
এই স্কিমের (Scheme) আওতায় প্রতি মাসে 5,000 টাকা ইন্টার্নশিপ ভাতা প্রদান করবে সরকার। 12 মাসের ইন্টার্নশিপের জন্য মোট খরচ হবে 60,000 টাকা (5,000 x 12 মাস)। এছাড়াও, আনুষাঙ্গিক খরচের জন্য অতিরিক্ত 6,000 টাকা দেওয়া হবে। এর মধ্যে মাসিক ভাতা হিসাবে 54,000 টাকা এবং আনুষাঙ্গিক অনুদান হিসাবে 6,000 টাকা দেবে সরকার। কোম্পানিগুলিকে তাদের CSR তহবিল থেকে মাথাপিছু প্রশিক্ষণের খরচ ইন্টার্নশিপ ভাতার 10 শতাংশ 6,000 টাকা বহন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইন পোর্টালের এই স্কিমের অধীনে আবেদন করতে হবে। কোম্পানিগুলি পোর্টালে থাকা তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীদের।
Article By – আস্তিক ঘোষ






