Article By – আস্তিক ঘোষ

সরকারি কোম্পানি SAIL-এর বোকারো স্টিল প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এই সপ্তাহে বোকারো স্টিল প্ল্যান্ট পরিদর্শন করেছেন, যেখানে তিনি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য একটি উচ্চাভিলাষী সম্প্রসারণ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এতে প্রায় 20,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে।
নয়া পরিকল্পনা অনুযায়ী বোকারোতে হট মেটাল উৎপাদন বর্তমান 5.25 মিলিয়ন টন বার্ষিক (MTPA) থেকে 7.55 MTPA-তে বাড়ানো হবে। বোকারো স্টিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1965 সালে। এর প্রথম ব্লাস্ট ফার্নেস 1972 সালে শুরু হয়। এই প্ল্যান্টের প্রাথমিক ক্ষমতা ছিল 1.7 MTPA। তারপর তা বেড়ে হয়েছে 5.25 MTPA।
কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেছেন যে বোকারো প্ল্যান্ট এবার একটি নতুন 4500 কিউবিক মিটার ব্লাস্ট ফার্নেস পেতে চলেছে। SAIL বলেছে যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, এই বিনিয়োগ প্ল্যান্টে 2,500 স্থায়ী চাকরি এবং 10,000 পরোক্ষ চাকরি তৈরি করবে। এতে এলাকায় কর্মসংস্থান বাড়বে।
প্রকল্পের গুরুত্ব তুলে ধরে কুমারস্বামী বলেন, “এই সম্প্রসারণটি ইস্পাত উৎপাদনে স্বনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রমাণ এবং 2030 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 300 MTPA ইস্পাত শিল্পের স্বপ্নের সাথে সঙ্গতিপূর্ণ। পুঁজি বিনিয়োগ এবং প্রযুক্তিগত অগ্রগতি ইস্পাত খাতকে শক্তিশালী করবে এবং ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”




