Article By – সুনন্দা সেন

সপ্তাহের শুরুতেই শক্তিশালী প্রত্যাবর্তন করলো ভারতীয় শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ৬৩৯ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৭,৩০৩.৬৩-এ লেনদেন শেষ করেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি৫০ আজ ১৯৪.৭৫ পয়েন্ট বৃদ্ধির সাথে ২৪,০৯২.৭০-এ লেনদেন শেষ করেছে। টানা কয়েকদিনের পতনের পর এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই উর্ধ্বগতির অন্যতম প্রধান কারণ হলো পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইতিবাচক খবর। বিশেষ করে ইরানের থেকে প্রস্তাবিত শান্তির প্রস্তাব আন্তর্জাতিক বাজারে কিছুটা চাপ কমিয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও বিশ্ব বাজারের ইতিবাচক প্রবণতাও ভারতীয় বাজারকে সমর্থন করেছে। এশিয়ার অন্যান্য বড় বাজারেও আজ উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, যার ফলে দেশীয় বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। একইসঙ্গে আগের কয়েকদিনের লাগাতার পতনের পরে ‘ডিপ বাইং’ বা কম দামে শেয়ার কেনার প্রবণতাও এই উত্থানকে আরও শক্তিশালী করেছে। তবে এই উর্ধ্বগতি স্থায়ী হবে কিনা তা অনেকটাই নির্ভর করবে আগামী দিনে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তেলের দামে গতিপ্রকৃতির উপর।
খাতভিত্তিকভাবে দেখলে IT, ফার্মা এবং মেটাল সেক্টরের শেয়ারগুলিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে IT শেয়ারগুলো আগের দুর্বলতার পর আজ ঘুরে দাঁড়িয়েছে। পাশাপাশি বৃহৎ সংস্থাগুলির শেয়ারেও কেনাকাটা বেড়েছে, যা সূচককে উপরে তুলতে সাহায্য করেছে। তবে এই ইতিবাচক পরিস্থিতির মাঝেও কিছু সতর্কতার বার্তা রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনও উচ্চ স্তরে রয়েছে, যা ভারতের মতো আমদানিনির্ভর দেশের জন্য উদ্বেগের বিষয়। তেলের দাম বেশি থাকলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং অর্থনীতিতে চাপ পড়তে পারে, যার প্রভাব ভবিষ্যতে শেয়ারবাজারেও পড়তে পারে।




