Article By – আস্তিক ঘোষ

শিশুদের জন্যও আধার কার্ড ইস্যু করে আধার প্রদানকারী কর্তৃপক্ষ UIDAI। পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডকে বলা হয় ‘বাল আধার।’ বাল আধার হল একটি নীল রঙের আধার কার্ড, যা এটিকে অন্যান্য আধার কার্ড থেকে আলাদা করে। ভারতে নবজাতক শিশুরাও আধার কার্ড পাওয়ার যোগ্য। তাই আধারের জন্য শিশুদের রেজিস্ট্রেশন করে শুরু করেছে অনেক হাসপাতাল। তারা আজকাল জন্ম শংসাপত্রের সঙ্গে আধার রেজিস্ট্রেশন স্লিপও সরবরাহ করে। কিভাবে বাল আধার তৈরি এবং আপডেট করা যায়, জানেন?
শিশুর বায়োমেট্রিক তথ্য বাল আধারে অন্তর্ভুক্ত নয়। শিশুর আধার কার্ডটি পিতামাতার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়। তবে শিশুর বয়স 5 বছরের বেশি হলে প্রথমবারের মতো তার বায়োমেট্রিক আপডেট নেওয়া হয়। দ্বিতীয়বার, শিশুদের 15 বছর পূর্ণ করার পরে বায়োমেট্রিক আপডেট নেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে শিশুদের আঙুল ও রেটিনার পরিবর্তনের কারণেই বায়োমেট্রিক আপডেট নেওয়া হয়।
সন্তানের জন্মের পর, আধার সেবা কেন্দ্রে গিয়ে সন্তানের আধার কার্ড তৈরি করতে হবে বাবা-মাকে। সরকারি হাসপাতালে জন্মের পরে শিশুর জন্মের শংসাপত্র বা মা-সন্তানের ডিসচার্জ স্লিপ রাখতে হবে সঙ্গে। পাশাপাশি সন্তানের পিতামাতার উভয়ের আধার কার্ডের একটি অনুলিপিও সংযুক্ত করতে হবে।
এবার জানুন কিভাবে শিশুর জন্য আধার কার্ড তৈরি করবেন…
প্রথমে নিকটতম আধার সেবা কেন্দ্রে যান। সেখানে আপনি বাল আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেই আবেদনপত্রটি পূরণ করুন এবং তার সঙ্গে পিতামাতার আধার কার্ড এবং সন্তানের জন্ম শংসাপত্রের ফটোকপি সংযুক্ত করুন। মনে রাখবেন, আবেদনপত্রে আধার কার্ডের তথ্য এবং অভিভাবকদের মোবাইল নম্বর লিখতে হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে সেখানেই শিশুর ছবি তোলা হবে। এর পরই প্রদত্ত মোবাইল নম্বরে আধার কার্ড তৈরির মেসেজ আসবে।
বাল আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করার নিয়ম…
বাল আধারে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এর পরে সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। শিশুর বায়োমেট্রিক ডেটা আধার কেন্দ্রে নেওয়া হবে, তারপরে এই ডেটা শিশুর আধার কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। শিশুদের জন্য সময়মতো বায়োমেট্রিক্স আপডেট করার জন্য কোন চার্জ নেই। 5 থেকে 7 বছর বয়সের মধ্যে একবার করা হলে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ছবির মতো বায়োমেট্রিক্সের আপডেট বিনামূল্যে। এর পরে, যদি 15 থেকে 17 বছর বয়সের মধ্যে একবার আপডেট করা হয়, তবুও বিনামূল্যে পরিষেবা মিলবে। অন্যথায় 100 টাকা ফি দিতে হবে।





