Article By – সুনন্দা সেন

ভারতের অন্যতম শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোন পে (PhonePe) তাদের যাত্রার মাত্র এক দশকের মধ্যেই প্রায় ১০ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন তৈরি করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের একটি বড় অংশ এখন সরাসরি কোম্পানির কর্মীদের কাছে পৌঁছাতে চলেছে। এদিকে কোম্পানি ESOP (Employee Stock Ownership Plan)-এর মাধ্যমে কর্মীরা মোট প্রায় ১.৪ বিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন বলে জানা গেছে। সাথে অনুমান করা হচ্ছে, ফিনটেক সেক্টরে ফোনপের এই দ্রুত উত্থান এবং কর্মীদের জন্য বিপুল ESOP মূল্য ভবিষ্যতে ভারতের স্টার্টআপ সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৫ সালে যাত্রা শুরু করা PhonePe খুব অল্প সময়ের মধ্যেই ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বিশেষ করে UPI পেমেন্ট সিস্টেমের বিস্তার PhonePe-এর দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে কোটি কোটি ভারতীয় প্রতিদিন তাদের লেনদেন, বিল পেমেন্ট, রিচার্জ এবং অন্যান্য আর্থিক পরিষেবার জন্য PhonePe ব্যবহার করছেন।
PhonePe শুরুতে ই-কমার্স জায়ান্ট Flipkart-এর অংশ হিসেবে কাজ করত। আর Flipkart-এর মালিকানা রয়েছে মার্কিন খুচরো ব্যবসা প্রতিষ্ঠান Walmart-এর হাতে। পরবর্তীতে PhonePe-কে একটি আলাদা কর্পোরেট কাঠামোর মধ্যে আনা হয়, যাতে কোম্পানি নতুন বিনিয়োগ সংগ্রহ এবং ব্যবসা সম্প্রসারণ আরও সহজভাবে করতে পারে। কোম্পানির এই সাফল্যের ফলে ESOP পাওয়া বহু বর্তমান ও প্রাক্তন কর্মী বড় অঙ্কের আর্থিক লাভ করতে পারেন। বিশ্লেষকদের মতে, অনেক কর্মীর হাতে কয়েক কোটি টাকার সমপরিমাণ শেয়ারের মূল্য পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় ESOP পেআউট ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে একটি স্টার্টআপ সফল হলে শুধু বিনিয়োগকারীরাই নয়, বরং কোম্পানির কর্মীরাও সেই সাফল্যের গুরুত্বপূর্ণ আর্থিক অংশীদার হতে পারেন।




